আবাহনীর স্বপ্ন ভেঙে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

এক রাউন্ড বাকি থাকতে লিগ শিরোপা জিততে বসুন্ধরা কিংসের দরকার ছিল জয়। আর শিরোপা লড়াই শেষ রাউন্ডে টেনে

2026-05-15T21:23:43+00:00
2026-05-15T21:23:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবাহনীর স্বপ্ন ভেঙে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ৩৫)
আবাহনীকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের উল্লাস বসুন্ধরা কিংসের ফুটবলারদের-ইন্টারনেট
X

আবাহনীকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের উল্লাস বসুন্ধরা কিংসের ফুটবলারদের-ইন্টারনেট

এক রাউন্ড বাকি থাকতে লিগ শিরোপা জিততে বসুন্ধরা কিংসের দরকার ছিল জয়। আর শিরোপা লড়াই শেষ রাউন্ডে টেনে নিতে আবাহনীর প্রয়োজন ছিল হার এড়ানো। সমীকরণ মেলাতে দুই দল মেলে ধরল আক্রমণাত্মক ফুটবলের পসরা। জমে উঠল লড়াই। গোলশুন্য প্রথমার্ধের পর, ডেডলক খুললেন দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। একটু পরই সোহেল রানা ব্যবধান দ্বিগুণ করলেন দৃষ্টিনন্দন শটে।

প্রতিপক্ষের স্বপ্ন ভেঙে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ২-০ গোলে হারিয়ে লক্ষ্যে পা রাখল বসুন্ধরা কিংস। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা ফিরে পেল দলটি।গত মৌসুমে মোহামেডানের কাছে মুকুট হারিয়েছিল কিংস। এ নিয়ে লিগের ষষ্ঠ শিরোপা জিতল তারা; স্পর্শ করল আবাহনীকে।

২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর জেতা ছয় শিরোপার সবশেষটি আবাহনী জিতেছিল ২০১৭-১৮ মৌসুমে। মুকুট ফিরে পাওয়ার অপেক্ষা আরও বাড়ল আকাশি-নীল জার্সিধারীদের। আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। তবে আবাহনীর ডিফেন্ডাররা কড়া পাহারায় রেখেছিলেন দোরিয়েলতনকে। তাতে গোলের অপেক্ষা বাড়তে থাকে কিংসের।

৪২তম মিনিটে গোল কিক নিতে গিয়ে সিদ্ধান্তহীনতা ভুগে মিতুল মারমা বল দেন বক্সে আসাদুজ্জামান বাবলুকে। তিনিও ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, তার শটে কিংসের এক খেলোয়াড় হেড নিলে বক্সে বল পেয়ে যান সোহেল রানা। এই মিডফিল্ডারের বুলেট শট জালে জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাম দিকের কোণা থেকে এমেকা ওগবাহর জোরাল শট ফিস্ট করে ফেরান কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। দ্বিতীয়ার্ধেও খেলা হতে থাকে একই ধাঁচে। ৫০তম মিনিটে বিপদে পড়তে বসেছিল কিংস। সোহেল রানা বল ক্লিয়ার করতে শট নেন, সামনে থাকা আবাহনীর মিরাজুল ইসলামের পায়ে লেগে বল যাচ্ছিল গোলের দিকে। মিরাজুল বলের নাগাল পাওয়ার আগে দারুণ ক্ষিপ্রতায় ফিস্ট করে বিপদমুক্ত করেন শ্রাবণ।

একটু পর মিরাজুলকে তুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রুনো অলিভেইরা দে মাতোসকে নামান আবাহনী কোচ মারুফুল হক। অবশেষে ৭১তম মিনিটে গোলের দেখা মেলে। দোরিয়েলতনের থ্রু পাস নিয়ন্ত্রণ নিতে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। বক্সে বাবলুর ট্যাকলে তিনি পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং সফফ স্পট কিক নেন দোরিয়েলতন।

আগে থেকেই লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৭টি। আর এই গোলের রেশ থাকতেই সোহেল রানা সিনিয়রের দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ হয়। সোহেল রানা জুনিয়রের পাস ধরে বক্সের বাইরে থেকে বাম পায়ের দৃষ্টিনন্দন কোনাকুনি শটে বল জালে পাঠান অভিজ্ঞ মিডফিল্ডার।

ম্যাচে ফিরতে মরিয়া আবাহনীর এমেকার ৮৪তম মিনিটের শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে দিয়ে। বাকি সময়ে তাদের আটকে রেখে শিরোপা পুনরুদ্ধারের বাঁধনহারা উচ্ছ্বাসে মাতে কিংস।

এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা জোরাল হলো কিংসের। এরই মধ্যে তারা চ্যালেঞ্জ কাপ জিতে নিয়েছে। এবার লিগ জিতল। দুই শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে তারা আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে মোহমেডানের।

সপ্তদশ রাউন্ডে এদিন মাঠে গড়ায় আরও চারটি ম্যাচ। নতুন কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর হাত ধরে ছন্দে ফেরা মোহামেডান ফের ছুটেছে উল্টো রথে। এমানুয়েল বোয়েটাংয়ের শেষ দিকের গোলে ১-০ ব্যবধানে তারা হেরেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে।

আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিডব্লিউডি। ব্রাদার্স ইউনিয়নকে মুর্শেদ আলি ও পা ওমার বাবুর নৈপুণ্যে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

ফর্টিসের জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানের লড়াই আরও জমে উঠেছে। তাদেরও এখন আবাহনীর সমান ৩৪ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে মোহামেডান। পঞ্চম স্থানে রহমতগঞ্জের পয়েন্ট ২২। ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ এফসি। ১৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা ফকিরেরপুলের অবনমন নিশ্চিত হয়ে গেছে। ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা আরামবাগ আছে অবনমনের সবচেয়ে বেশি ঝুঁকিতে। লিগ থেকে ঝরে যাওয়ার ঝুঁকিতে আছে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা পিডব্লিউডিও।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy