প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:৪৯ পিএম (ভিজিট : ১০১)

X
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া পূর্বে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছিলেন। আমরা এটাকে ডিগ্রি বা স্নাতক পর্যন্ত ফ্রি করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, যেসব মেয়েরা ভালো রেজাল্ট করবে, তাদেরকে সরকারের পক্ষ থেকে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।
আজ শনিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে চাঁদপুর শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছি। এর কারণ হচ্ছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরও বৃদ্ধি করতে চাই। যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।
তিনি বলেন, নির্বাচনের পূর্বে আমরা খাল খননের কথা বলেছি। কারণ খাল খননের মধ্য দিয়ে কৃষক ভাইরা উপকৃত হবেন। কৃষকরা উপকৃত হলে, তারা ধীরে ধীরে স্বাবলম্বী হবে। কৃষকদের উন্নতি হলে এদেশের অর্থনীতি মজবুত হবে।
প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বলেন, এটিও আমরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম। এর মাধ্যমে আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন। এই টাকা দিয়ে পরিবারের সন্তানদের যত্ন ও স্বাস্থ্য সেবায় কাজে লাগাতে পারবেন। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই কার্ড দেওয়া হচ্ছে। আগামী বাজেটে আরও বৃদ্ধি করা হবে। বাংলাদেশের বিশ কোটি মানুষের চল্লিশ কোটি হাত। এই চল্লিশ কোটি হাত একসাথে কাজ করলে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুঁইয়াসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।