প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:১৪ পিএম (ভিজিট : ২৪)

X
অমিত হাসান-ফাইল ছবি
কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে গড় রান ৪৯, দাপট দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। প্রথম ম্যাচে সুযোগ পাননি। সিলেট টেস্ট নিয়ে আশাবাদী থাকলেও তার অপেক্ষা ফুরালো না। ভবিষ্যতে তার জন্য সুযোগের দরজা খোলা থাকবে বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সিলেটে শনিবার হাবিবুল বাশার বলেন, ‘অমিত হাসানের হয়তো সুযোগ আসেনি এই দুই টেস্টে। কিন্তু ভবিষ্যতে আরও অনেক টেস্ট ম্যাচ খেলব আমরা। এই বছর তো বেশ কিছু টেস্ট ম্যাচ হবে। দলের কম্বিনেশন যদি মিলে যায়, সে নিশ্চয়ই ভবিষ্যতে খেলবে। আমরা তাকে শুধু এই সিরিজের জন্য নিয়েছি, তা কিন্তু নয়। আমরা লম্বা সময়ের চিন্তা করে নিয়েছি।’
অমিতের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার, ‘দেখুন- আমরা যখন কাউকে দলে নেই, তাকে ওই দলে থাকার মতো কিংবা একাদশে খেলার মতো যোগ্যতা আছে বলে মনে করেই নেই। দলগত ভারসাম্যের কারণে অনেক সময় অনেকে একাদশে আসতে পারে না। কিন্তু এর মানে এই নয় যে তাকে নিয়ে আমাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আমরা যখন যাকে নিয়েছি, ভবিষ্যৎ পরিকল্পনা করেই নিয়েছি। তার সামর্থ্য দেখেই নিয়েছি।’
পরে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ নিয়ে বাশার বলেন, ‘অস্ট্রেলিয়া সম্ভবত এক নম্বরে আছে। তাদের সাথে তাদের মাটিতে খেলাটা আরও বেশি চ্যালেঞ্জের। কিন্তু এমন না যে অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলিনি কিংবা এই বোলারদের আমরা মোকাবিলা করিনি কিংবা এই ধরনের দলের সঙ্গে আমরা খেলিনি। আমাদের আলাদা কিছু করতে হবে না। আমাদের যেটা সেরা, সেটা করলেই মনে হয় আমরা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারব।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে অস্ট্রেলিয়া যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। হাবিবুল বললেন, ‘ভালো হয় যদি আমরা একটু আগে যেতে পারি। তাহলে একটু কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সুবিধা হয়। এছাড়া দেখুন, সব টেস্ট দলই কিন্তু ভালো। পাকিস্তানও খুব ভালো টেস্ট দল। র্যাঙ্কিংয়ের একদম নিচের দিকের টেস্ট দলগুলো ছাড়া যারা ছয়-সাতের মধ্যে আছে, তারা সবাই কিন্তু ভালো দল। সবার সঙ্গে টেস্ট খেলাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ।’