প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:০৯ পিএম (ভিজিট : ৫৬)

X
নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং
মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ শনিবার (১৬ মে) বিকালে মেহেরপুর সরকারি কলেজ গেট, এআরবি কলেজ গেট এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রাচীরে ৮ ইঞ্চি বাই ১২ ইঞ্চি সাইজের পোস্টার সাঁটানো হয়েছে। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আজ শনিবার বিকালে বিভিন্ন স্থাপনার গেটে পোস্টার লাগানো হচ্ছে। স্থানীয় রাজনৈতিক সূত্র ও ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, ভিডিওতে পোস্টার লাগাতে দেখা যাওয়া ব্যক্তি মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কুতুব উদ্দীন আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি বিবৃতিতে দাবি করা হয়, ‘রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়, সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানে ক্ষমাতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়েছে।’
বিষয়টি নিয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে কুতুব উদ্দীন আহমেদ লিখেছেন, ‘গুপ্ত নয়, সুপ্ত নয়, রাতের আঁধারে নয়, দিনের আলোতেই চলবে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম।’
এ বিষয়ে মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘শনিবার বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ছাত্রলীগের ওই নেতা পোস্টারিংয়ের কাজ করে ফেসবুকে দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।’