প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৮:০০ পিএম (ভিজিট : ৪১)

X
গোলের পর হ্যারি কেইনের উদযাপন-ইন্টারনেট
বুন্ডেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে পারলেন না ঠিকই, তবে আসরের শেষটা এর চেয়ে ভালো হতে পারতো না হ্যারি কেইনের। লিগে শেষ রাউন্ডে দারুণ এক হ্যাটট্রিক করলেন তিনি। ইংলিশ তারকার নৈপুণ্যে কোলনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার তাদের অন্য দুটি গোল করেন টম বিশফ ও নিকোলাস জ্যাকসন।
জসুয়া কিমিখের হেড পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ভলিতে দলকে এগিয়ে নেন কেইন। তিন মিনিট পর তিনিই দারুণ ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন। পাঁচ মিনিট পর একটি গোল শোধ করেন সাইদ এল মালা। তবে, ২২তম মিনিটে আবার দুই গোলের ব্যবধান করেন বিশফ।
ম্যাচের ৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। আর ৮৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জ্যাকসন। বুন্দেসলিগার এক আসরে রবের্ত লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ডে দৃষ্টি রেখেছিলেন কেইন, ২০২০-২১ মৌসুমে গড়েছিলেন পোলিশ তারকা। শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ না হলেও, মৌসুমটা কেইনের দুর্দান্ত কাটছে।
এবারের বুন্দেসলিগায় তার গোল হলো ৩৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫৮টি। প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড অবশ্য আগেই গড়েছে বায়ার্ন মিউনিখ। মোট ১২২ গোল করে আসর শেষ করল তারা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৯।
এদিন একই সঙ্গে শুরু হয় সবগুলো ম্যাচ। ওয়েডার ব্রেমেনকে ২-০ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো। ৬৫ পয়েন্ট নিয়ে লাইপজিগ তৃতীয় ও ৬২ পয়েন্ট নিয়ে স্টুটগার্ট চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।
পঞ্চম হওয়া হফেনহাই ও ও ষষ্ঠ বায়ার লেভারকুজেন খেলবে ইউরোপা লিগে। আর সপ্তম হওয়া ফ্রেইবুর্ক খেলবে উয়েফা কনফারেন্স লিগে। অবনমন হয়েছে ১৭ নম্বর হাইডেনহাইম ও ১৮ নম্বর সেন্ট পাউলির। ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্যে আগামী শনিবার জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন।