
X
জোয়াও পেদ্রো
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য সোমবার রাতে চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৬ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি জোয়াও পেদ্রোর। উত্তর আমেরিকা বিশ্বকাপের টিকিট না পাওয়ার পর মুখ খুলেছেন এই স্ট্রাইকার। কঠিন পরিস্থিতি বেশ পরিপক্বতার সঙ্গে সামাল দিয়েছেন চেলসি তারকা।
গত গ্রীষ্মে ব্রাইটন থেকে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ২০ গোল করেছেন পেদ্রো। এরমধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১৫ গোল। ওপেন প্লে গোলদাতা তালিকায় আর্লিং হালান্ডের পরই ২৪ বছর বয়সি এই স্ট্রাইকার।
ব্রাজিলের জার্সিতে সবমিলিয়ে ৮ ম্যাচ খেলেছেন পেদ্রো। সবশেষ মার্চে প্রীতি ম্যাচে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ম্যাচেও নেমেছিলেন মাঠে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি পেদ্রোর বদলে ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো কিংবা বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ানকে বেছে নিয়েছেন। থিয়াগো চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২২ গোল করেছেন, আর রায়ান করেছেন ৫ গোল।
বাদ পড়ার পর এক বিবৃতিতে ২৪ বছর বয়সি পেদ্রো বলেন, ‘আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করার এই স্বপ্নটা এবার পূরণ করা সম্ভব হলো না। তবে আমি শান্ত এবং নিজের কাজে মনোযোগী আছি, যেমনটা আমি সবসময় থাকার চেষ্টা করি। আনন্দ এবং হতাশা—দুইই ফুটবলের অংশ।‘
পেদ্রোর সঙ্গে বাদ পড়েছেন তাঁর ক্লাব সতীর্থ আন্দ্রে সান্তোসও। সবশেষ মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও মাঠে ছিলেন এই মিডফিল্ডার। তাদের বাদ পড়া নিয়ে দল ঘোষণার সময় আনচেলত্তি বলেন, ‘সত্যি বলতে, যারা এই স্কোয়াডে জায়গা পায়নি, তাদের জন্য আমার খুবই খারাপ লাগছে। এটি আমাকে সত্যিই ভাবায় ও দুঃখ দেয়... যেমন আন্দ্রে সান্তোস ও জোয়াও পেদ্রো। তবে ভবিষ্যতে তারা অবশ্যই আরও সুযোগ পাবে।‘
পেদ্রো যখন বিশ্বকাপের টিকিট না পেয়ে ছুটির ব্যাগ গোছাচ্ছেন, তখন দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলা নেইমার নিজের শেষ বিশ্বকাপে আরও একবার আলো ছড়ানোর সুযোগ পাচ্ছেন।
আক্রমণভাগে নেইমারের মতো অভিজ্ঞ তারকার পাশাপাশি রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং তরুণ সেনসেশন এন্ড্রিক ও রায়ানের মতো উইঙ্গারদের নিয়ে দল সাজিয়েছেন আনচেলত্তি।
দলে জায়গা না পেলেও ব্রাজিলের হয়ে গলা ফাটানোর কথা জানিয়ে পেদ্রো বলেন, ‘এখন থেকে আমি স্কোয়াডে থাকা সবাইকে শুভকামনা জানাই। ব্রাজিলের ঘরে ষষ্ঠ বিশ্বকাপ (হেক্সা) আনার মিশনে আমিও এখন সাধারণ একজন সমর্থক হিসেবে তাদের জন্য গলা ফাটাব।‘
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘সি’ রয়েছে ব্রাজিল। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা মিশনে নামবে তারা। ২০ জুন হাইতি ও ২৪ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।