প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:৩০ পিএম (ভিজিট : ৯৫)

X
গৃহবধু খুন
গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমিন আক্তার (২৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্তমান স্বামী সুজন (৩৩) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শাহজাহানের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ঘাতক সাবেক স্বামী জাকির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহত নাজমিন আক্তার বরিশালের পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুলখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। তিনি দুইমাস আগে পূর্ব আরিচপুর জামাই বাজার শাহজাহানের ভাড়া বাড়িতে বর্তমান স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন।
স্থানীয়রা জানান, গত কয়েকবছর আগে জাকির হোসেনের সাথে নাজমিনের বিয়ে হয়। পরে গত ৫/৬ মাস আগে নাজমিন জাকিরকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। এরপর প্রাইভেটকার চালক সুজনের সাথে নাজমিনের বিয়ে হলে তারা টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
মঙ্গলবার বিকেল চারটার দিকে জাকির হােসেন নাজমিনের বাসায় এসে তার সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে জাকিরের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে নাজমিনের পেটে উপর্যুপরি আঘাত করে। বিষয়টি টের পেয়ে বর্তমান স্বামী সুজন এগিয়ে এলে তাকেও জাকির ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয় এবং সুজন গুরতর আহত হন।
পরে এলাকাবাসী আহত সুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায় এবং ঘাতক জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, ঘাতক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।