
X
সংগৃহীত ছবি
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “বিশেষ সেবা কার্যক্রম”-এর সমাপনী দিনে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও করপোরেশন সংশ্লিষ্ট ১৭টি অডিট অধিদপ্তর পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৯ মে) ঢাকায় আয়োজিত এ কার্যক্রমে তিনি বিশেষ সেবা সপ্তাহের আওতায় পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এ সময় ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) মো. শরীফুল ইসলাম-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিএজি কার্যালয় সূত্রে জানা যায়, ১১ থেকে ১৯ মে পর্যন্ত সাত কর্মদিবসব্যাপী এ “বিশেষ সেবা কার্যক্রম” পরিচালিত হয়। এর উদ্বোধন করেন সিএজি মো. নূরুল ইসলাম। দেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিস এবং অডিট অধিদপ্তরে একযোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
পরিদর্শনকালে সিএজি Audit Management and Monitoring System (AMMS-2)-এর মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, যথাযথ তথ্য ও প্রমাণকসহ ব্রডশিট জবাবের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির সমন্বয় (Reconciliation) এবং অনাপত্তিপত্র (NOC) প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
সিএজি বলেন, জনগণের জন্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মতভাবে নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের ১৭টি অডিট অধিদপ্তরের মাধ্যমে কমপ্লায়েন্স, পারফরম্যান্স, ফাইন্যান্সিয়াল, আইটি, জলবায়ু ও পরিবেশ, এসডিজি এবং রিয়েল টাইম অডিটসহ বিভিন্ন ধরনের নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা, দক্ষতা, কার্যকারিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারফরম্যান্স অডিট বা “ভ্যালু ফর মানি অডিট”-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হিসাব ও নিরীক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করার আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরগুলোর কর্মকর্তারা বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে গৃহীত কার্যক্রমের মাধ্যমে প্রদত্ত সেবার বিভিন্ন ফিডব্যাক সিএজিকে অবহিত করেন।
সিএজি কার্যালয় জানায়, বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা এবং দেশের বিভিন্ন নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে সেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ কার্যক্রমের আওতায় বেতন নির্ধারণ, পেনশন, জিপিএফ, ডিএসপিএফ, ডিএসওপি, টিএ/ডিএ, কম্যুটেশন বিল, Net Entitlement Case (NE Case) এবং অডিট আপত্তি নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দ্রুততার সঙ্গে প্রদান করা হয়।
এছাড়া সাত কর্মদিবসব্যাপী এ কার্যক্রমে সারা দেশে মোট ১ লাখ ৮ হাজার ৩৪৬ জন সেবাগ্রহীতাকে বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে ১৮৫টি সভার মাধ্যমে মতবিনিময় করা হয়েছে বলে জানানো হয়।