
সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খাদ্য গুদামে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে খাদ্য গুদামে প্রধান অতিথি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম অনুপস্থিত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আবু সম্রাট খান, সারিয়াকান্দি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। সারিয়াকান্দি খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সম্রাট খান জানান, চলতি বোরো মৌসুমে সারিয়াকান্দি খাদ্য গুদামে মোট ১৩১২ মেট্রিক টন চাল এবং ১৪০৩ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। এই সরকারি ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী একযোগে চলবে।
প্রতিবারের ন্যায় এবারও কৃষক অ্যাপস এ আবেদনের মাধ্যমে কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন।