প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:০১ পিএম (ভিজিট : ৩০)

X
: সিলেটে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ
সিলেট টেস্টে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে হার এড়াতে পারেনি পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৭৮ রানে হেরে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে তারা।
ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতার জায়গাগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তার মতে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ভুল সিদ্ধান্ত ও সুযোগ কাজে লাগাতে না পারাই বড় ব্যবধান গড়ে দিয়েছে।
ম্যাচ শেষে শান মাসুদ বলেন, ‘অনেক ভুল হয়েছে। একটা ম্যাচের চতুর্থ ইনিংসে যখন আপনি ৩৬০ রান করেন, তখন স্বাভাবিকভাবেই আশা করেন যে ফলটা আপনার পক্ষেই যাবে।
কিন্তু আমার মনে হয়, আগের তিন ইনিংসে আমাদের অনেক কিছু নিয়ে ভাবার আছে। সেসব ভুলই আমাদের পিছিয়ে দিয়েছে এবং লক্ষ্যটাকে অনেক বড় করে তুলেছে।
বাংলাদেশের প্রথম ইনিংসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও তুলে ধরেন পাকিস্তান অধিনায়ক। ১১৬ রানে ৬ উইকেট হারানোর পরও লিটন দাসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। সেই সুযোগ হাতছাড়া করাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন তিনি।
শান বলেন, ‘আবারও বলছি বিশেষ করে যখন তারা ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছিল, তখন শেষ চার উইকেটে তারা অনেক রান যোগ করেছে। আমরা সুযোগ হাতছাড়া করেছি।’
ব্যাটিং ব্যর্থতার কথাও স্বীকার করেছেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘এরপর ব্যাটিংয়েও যখন আমরা ১৪২ রানে ৪ উইকেটে ছিলাম এবং দুইজন সেট ব্যাটসম্যান ক্রিজে ছিল, তখন টেস্ট ক্রিকেটে আপনাকে বড় ইনিংস খেলতেই হবে। প্রথম তিন ইনিংসে আমরা যেসব ভুল করেছি, সেজন্যই চতুর্থ ও পঞ্চম দিনের চেষ্টা শেষ পর্যন্ত জয়ে রূপ নেয়নি।’