প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:৪৭ পিএম (ভিজিট : ৪৯)

X
হ্যারি ম্যাগুইয়ার।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ডাক না পেয়ে ভীষণ হতাশ হ্যারি ম্যাগুইয়ার। কোচ টমাস টুখেলের এই সিদ্ধান্ত মানতেই পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ডিফেন্ডার।
ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার স্থানীয় সময় সকালে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন টুখেল। সেই তালিকায় নেই ম্যাগুইয়ার। বৃহস্পতিবার আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানান তিনি,‘ এই মৌসুমে আমার যা পারফরম্যান্স, তাতে আত্মবিশ্বাসী ছিলাম যে, এই গ্রীষ্মে দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। এই সিদ্ধান্তে আমি হতবাক ও মর্মাহত। বছরের পর বছর ধরে এই জার্সি পরে আমার দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো লাগার আর কিছুই আমার কাছে নেই। এই গ্রীষ্মে খেলোয়াড়দের জন্য শুভকামনা জানাই।’
ছেলের ওই পোস্টে ম্যাগুইয়ারের মা জোয়ি লিখেছেন, “এর চেয়ে বেশি কিছু তুমি করতে পারতে না। নিজের ওপর বিশ্বাস রাখো... ভীষণ হতাশাজনক।”
ইংল্যান্ডের হয়ে ৬৬ ম্যাচ খেলেছেন ম্যাগুইয়ার। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে দলের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।
জাপান ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য টুখেলের আগের স্কোয়াডে ছিলেন ম্যাগুইয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ মৌসুম কাটানো ৩৩ বছর বয়সি এই সেন্টার-ব্যাকের বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত বলে মনে করছিলেন অনেকে। এই মৌসুমে ক্লাবকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে তুলতে ও আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দলে জায়গা না পাওয়া খেলোয়াড়দের বৃহস্পতিবার ফোন করেছিলেন কোচ টুখেল। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ম্যাগুইয়ারের ক্লাব সতীর্থ লুক শ ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনও দলে জায়গা পাননি।