প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১:০১ পিএম (ভিজিট : ৯৬)

X
চিতলমারীতে দুই দিনব্যাপি সাঁই সেতাঁরা মেলা অনুষ্ঠিত
বাগেরহাটের চিতলমারীতে সাধক সাঁই সেতাঁরা মায়ের স্মরণে দুই দিনব্যাপী বার্ষিক বাউল-ফকির মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাতটায় বাউল-ফকির মেলার আনুষ্ঠানিক ভাবে শেষ হয়।
উপজেলার দুর্গাপুর গ্রামের ঘোষবাড়িতে ১২তম বাউল-ফকির মেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সহায়তায় সন্ধ্যা সেতাঁরা আশ্রম প্রতি বছর ওই নির্ধারিত দিনে এই মেলার আয়োজন করে। প্রতি বছরের ন্যায় এবারো ২১ মে শুরু হয়েছিল। এখানে দেশের বিভিন্ন এলাকা হতে বাউল, ফকির ও দর্শনার্থী ভক্তদের আগমন হয়।
চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কপিল ঘোষদের বাড়িতে সন্ধ্যা সেতাঁরা আশ্রম প্রতিষ্ঠিত। গত বৃহস্পতিবার ২১ মে সকাল হতে এখানে বিভিন্ন এলাকা হতে বাউল ও ফকিরদের আগমন ঘটতে থাকে। এদিন সন্ধ্যায় বাউল-ফকিরদের ভক্তি সঙ্গীতের নিশিজাগরণ পর্ব শুরু হয় এবং ০৮ জ্যৈষ্ঠ (শুক্রবার) সূর্যোদয়কালে ভক্তিসঙ্গীত পর্ব সমাপ্ত হয়।
সন্ধ্যা সেতাঁরা আশ্রম’র প্রতিষ্ঠাতা শিক্ষানবিশ আইনজীবি নাহিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক ও প্রবীন সাংবাদিক কপিল ঘোষ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও শেরে বাংলা ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুনা গাজী, চিতলমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখার সভাপতি কাশীনাথ বৈরাগী, সাধারণ সম্পাদক অনুপম সাহা, সাংবাদিক প্রদীপ মন্ডল, সাংবাদিক সোহেল সুলতান মানু, সাংবাদিক আজাদ খান, সাংবাদিক অরুন সরকার, বিএনপি নেতা নজরুল বিশ্বাস, রফিকুল তালুকদার, সোহেল খান, সমাজকর্মী প্রদীপ দাস, সঞ্জিব চ্যাটার্জী প্রমূখ।
খুলনা, বাগেরহাট, চিতলমারীসহ বিভিন্ন এলাকার শিল্পীবৃন্দ এই মেলায় ভাব-ভক্তি সঙ্গীত পরিবেশন করেন। দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যায় দুই দিনের বাউল-ফকির মেলার আনুষ্ঠানিক সমাপনীতে সন্ধ্যা সেতাঁরা আশ্রমে উপস্থিত ছিলেন বাগেরহাটের বিশিষ্ট ফকির শেখ বেদার উদ্দিন ওরফে সিরাজুল ইসলাম বেদার, শিক্ষক দিপ্তী বসু, সমাজকর্মী জাহানারা সুলতানা, শেখ এখলাচুর রহমান প্রমূখ। প্রশাসন সহ সকলের সহযোগিতার জন্য আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।