এলপিএলে সফলতম দলে সাকিব ও তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

সাড়ে ৬ মাসের বিরতির পর অবশেষে স্বীকৃত ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার খেলবেন

2026-05-23T20:21:58+00:00
2026-05-23T20:21:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এলপিএলে সফলতম দলে সাকিব ও তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:২১ পিএম   (ভিজিট : ২৭)
সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ-ফাইল ছবি
X

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ-ফাইল ছবি

সাড়ে ৬ মাসের বিরতির পর অবশেষে স্বীকৃত ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার খেলবেন লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) সামনের আসরে। ৩৯ বছর বয়সি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস। একই দলে তিনি সতীর্থ হিসেবে পাবেন দেশের এই সময়ের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে।

এলপিএলের পাঁচ আসরের চারটিতেই শিরোপা জিতেছে জাফনা। প্রথম ট্রফির সময় যদিও দলটির নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স। পরবর্তীতে জাফনা কিংস নামেই জিতেছে তিন আসরে।

এলপিএলের সামাজিক মাধ্যমের পাতাগুলোয় সাকিবকে স্বাগত জানানো হয় এভাবে, “কিংসে যোগ দিলেন বিশ্বখ্যাত টি২০ তারকা। এলপিএলে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সাকিব আল হাসান। যখন দলের স্থিতিশীলতা প্রয়োজন, তখন রান (করেন)। যখন খেলায় ব্রেকথ্রু দরকার, তখন (এনে দেন) উইকেট। যখন চাপ চরমে, তখন (থাকেন) অবিচল। টি২০ ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের একজনকে দলে নিয়ে জাফনা তাদের বিপজ্জনক লাইনআপে আরও শক্তি যোগ করল।

তাসকিনকে দলে নেওয়ার খবর জানানো হয় এভাবে, “জাফনা কিংস তাদের পেস আক্রমণে যুক্ত করল গতিময় এক অগ্নিশক্তি। এক শক্তিশালী বোলার। বাংলাদেশের তাসকিন আহমেদ নতুন মৌসুমের জন্য কিংসে যোগ দিলেন। সহজাত গতি। আগ্রাসন। বড় ম্যাচের তেজ। জাফনার বোলিং আক্রমণে যুক্ত হলো এক শক্তিশালী ফাস্ট বোলার।”

সাকিব আগে এলপিএল খেলেছেন একবারই। ২০২৩ আসরে তাকে দেখা গেছে গল টাইটান্সের হয়ে। সেবার ৯ ইনিংসে ১১৪.৯৯ স্ট্রাইক রেটে ১৩৮ রান করেছিলেন তিনি। বল হাতে অবশ্যই ভালোই করেছিলেন। উইকেট নিয়েছিলেন ১০টি, ওভারপ্রতি রান দিয়েছিলেন মাত্র ৫.৭০।

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে গত দেড় বছর ধরে। তার ক্রিকেটার পরিচয় বেঁচে আছে আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই। সবশেষ তিনি খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০। টুর্নামেন্টের ফাইনালে গত ৪ জানুয়ারি তার দল এমআই এমিরেটস হেরে যায় ডেজার্ট ভাইপার্সের কাছে। ফাইনালে এক ওভার বোলিং করে উইকেট না পেলেও ২৭ বলে ৩৬ রান করেছিলেন তিনি।

তাসকিনের এলপিএল অভিজ্ঞতা এক আসরের। ২০২৪ সালে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পাঁচ দলের এবারের এলপিএল শুরু আগামী ১৭ জুলাই, ফাইনাল ৮ অগাস্ট।

সাকিব ও তাসকিন ছাড়াও বেশ কজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তির কথা জানিয়েছে এলপিএল। লঙ্কান ক্রিকেটের বড় তারকা কুসাল মেন্ডিসকে নিয়েছে কলম্বো ক্যাপস, একই দলে আছেন কামিন্দু মেন্ডিস। জাফনা কিংসে সাকিব-তাসকিনের সঙ্গী ভানুকা রাজাপাকসা ও দুনিথ ওয়েলালাগে। এবারের আইপিএল মাতানো ইশান মালিঙ্গা ও অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা খেলবেন গল গ্যালান্টসে। লঙ্কান ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে ক্যান্ডি রয়্যালসে খেলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দুই অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মইন আলি।

অভিজ্ঞ দিনেশ চান্দিমালের সঙ্গে ডাম্বুলা সিক্সার্সে আছেন গতি তারকা দুশমান্থা চামিরা, পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ও দক্ষিণ আফ্রিকান ব্যাটার রিজা হেনড্রিক্স।








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy