প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:৩২ পিএম (ভিজিট : ৭৯)

X
নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন
নারায়ণগঞ্জে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনা, গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সামনে মানববন্ধন করেছেন ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের গ্রাহকেরা।
রোববার (২৪ মে) সকালে শহরের দুই নম্বর রেল গেট সংলগ্ন ইসলামী ব্যাংক পিএলসি নারায়ণগঞ্জ শাখার সামনে ‘সচেতন গ্রাহক ইসলামী ব্যাংক’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ওমর ফারুক, মাহবুব, আক্তার হোসেন, মুফতি আতিকুর রহমান, এডভোকেট আক্তার হোসেন, সারোয়ারুল আলম, কাজী হান্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের ছুটি বাতিল করে তাঁকে পুনর্বহালের দাবি জানান তাঁরা।
এ ছাড়া বক্তারা ব্যাংক খাতে বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসা, গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এমন কার্যক্রম বন্ধ করা এবং প্রকৃত মালিকদের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
মানববন্ধন থেকে আরও দাবি জানানো হয়, বিভিন্ন গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই অর্থ দিয়ে সংশ্লিষ্ট ঋণ দায় পরিশোধের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ নষ্ট ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে অপসারণ করতে হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশ নেন এবং তাঁদের উদ্বেগ ও দাবি তুলে ধরেন।