প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৪৩ পিএম (ভিজিট : ৪০)

X
ঋষভ পান্থ-ফাইল ছবি
দুঃস্বপ্নের এক মৌসুম কেটেছে ঋষভ পান্থের। দুঃস্বপ্নের মৌসুম কেটেছে লখনউ সুপার জায়ান্টসের। পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা। এ কারণেই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামার আগে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন পান্থ।
খেলার আগে টসের পর পান্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকরা মাঠে এসেছেন। আমাদের সমর্থন দিয়েছেন। তাদের হতাশ করেছি। এই ম্যাচে নিজেদের ২০০ শতাংশ দিয়ে অন্তত তাদের মুখে একটু হলেও হাসি ফোটানোর চেষ্টা করব।’
পাঞ্জাব কিংসের বিপক্ষে নামার আগে ১৩ ম্যাচে ৮ পয়েন্ট ছিল লখনউয়ের। একই পয়েন্ট রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। ফলে খুব বেশি হলে ৯ নম্বরে উঠতে পারবে লখনউ। তার বেশি নয়। তারকা সমৃদ্ধ দল গড়েও এত খারাপ খেলায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অধিনায়ক।
দল খারাপ খেললেও আইপিএলে রেকর্ড গড়েছেন শামি। ইনিংসের প্রথম বলেই প্রিয়াংশ আরিয়াকে আউট করেন তিনি। আইপিএলে ছয়বার প্রথম বলে উইকেট নিয়েছেন শামি। এটি রেকর্ড। পাঁচ বার প্রথম বলে উইকেট নিয়ে জোফরা আর্চার। তাকে ছাপিয়ে গেছেন শামি।
সব মিলিয়ে টি২০তে ইনিংসের প্রথম বলে সবচেয়ে বেশি বার উইকেট নিয়েছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও ইংল্যান্ডের লুক উড। ৯ বার এই কীর্তি গড়েছেন তারা। আটবার প্রথম বলে উইকেট নিয়েছেন ডেভিড উইলি। সাত বার এই কীর্তি রয়েছে ট্রেন্ট বোল্টের।