কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নতুন রাস্তা, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে আধুনিক পৌর নগরী গড়ার উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পৌরসভার প্রকৌশল কর্মকর্তাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, “পৌরবাসীর ভোগান্তি কমাতে টেকসই উন্নয়নের বিকল্প নেই। রাস্তা ও ড্রেন নির্মাণ শেষ হলে নাগরিক সুবিধা বাড়বে, কমবে জলাবদ্ধতা। পাশাপাশি স্ট্রিট লাইট স্থাপনের ফলে শহরের সৌন্দর্য ও নিরাপত্তা দুটিই বৃদ্ধি পাবে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের Local Government Engineering Department গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (IUGIP)-এর আওতায় পাকুন্দিয়া পৌরসভায় পাঁচটি রাস্তা, দুটি ড্রেন নির্মাণ ও বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট স্থাপনের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে পাকুন্দিয়া পৌরসভা।