স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সার ৮ জন, নেই রিয়ালের কেউ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। টুর্নামেন্ট শুরুর ১৭ দিন বাকি থাকতেই সোমবার ২৬ সদস্যের

2026-05-25T22:20:38+00:00
2026-05-25T22:20:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে বার্সার ৮ জন, নেই রিয়ালের কেউ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ১৩০)
বার্সেলোনার ফুটবলাররা-ফাইল ছবি
X

বার্সেলোনার ফুটবলাররা-ফাইল ছবি

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। টুর্নামেন্ট শুরুর ১৭ দিন বাকি থাকতেই সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

প্রত্যাশা অনুযায়ী, ঘোষিত এই দলে পরিষ্কার আধিপত্য দেখিয়েছে বার্সেলোনার ফুটবলাররা। তবে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে স্পেনের আরেক ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের এই স্কোয়াডে জায়গা না পাওয়ার বিষয়টি।

স্পেনের এবারের বিশ্বকাপ স্কোয়াডে বার্সেলোনা থেকে সর্বোচ্চ আটজন ফুটবলার ডাক পেয়েছেন। এই তালিকার শুরুতেই আছেন গোলরক্ষক জোয়ান গার্সিয়া, যিনি ক্লাবের হয়ে নিজের অভিষেক মৌসুমেই লা লিগার মর্যাদাপূর্ণ ‘জামোরা ট্রফি’ জিতে নিয়েছেন।

রক্ষণভাগে বার্সার হয়ে ইউরোপ কাঁপানো তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি জায়গা করে নিয়েছেন, যার ‘লা রোখা’দের মূল একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তার সঙ্গে রক্ষণ সামলাবেন এরিক গার্সিয়া। সদ্য সমাপ্ত মৌসুমে রাইট-ব্যাক, সেন্ট্রাল-ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ড সব পজিশনেই দুর্দান্ত পারফর্ম করে কোচের নজর কেড়েছেন তিনি।

মিডফিল্ডে পেদ্রির পাশাপাশি থাকছেন তরুণ তুর্কি গাভি। গত মার্চে দীর্ঘমেয়াদি ইনজুরি থেকে ফেরার পর দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। এছাড়া মাঝমাঠে কোচের আস্থা অর্জন করেছেন দানি ওলমো। তবে বার্সার আরেক অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

আক্রমণভাগে দে লা ফুয়েন্তের অন্যতম বিশ্বস্ত সেনানি ফেরান তোরেসের থাকাটা অনুমেয়ই ছিল। তার সাথে যোগ দিচ্ছেন টিনএজ সুপারস্টার লামিন ইয়ামাল। তবে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠতে থাকা এই তরুণ ফরোয়ার্ডকে হয়তো গ্রুপ পর্বে স্পেনের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না; তৃতীয় ম্যাচের আগে তিনি পুরোপুরি ফিট হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

দলে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন লেফট-ব্যাক আলেহান্দ্রে বালদে। তার বদলে কোচ আস্থা রেখেছেন সাবেক লা মাসিয়া জুটি মার্ক কুকুরেয়া এবং আলেহান্দ্রো গ্রিমালদোর ওপর। এএস মোনাকোয় ধারে দারুণ মৌসুম কাটালেও কপাল পুড়েছে আনসু ফাতির। এছাড়া তরুণ মিডফিল্ডার মার্ক কাসাদো এবং মার্ক বার্নালও চূড়ান্ত দলে জায়গা পাননি।

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য স্পেনের ২৬ সদস্যের দল: গোলরক্ষক: উনাই সিমন, দাভিদ রায়া, জোয়ান গার্সিয়া। ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে, পেদ্রো পোরো। মিডফিল্ডার: পেদ্রি, ফাবিয়ান রুইজ, মার্তিন জুবিমেন্দি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বানা, মিকেল মেরিনো, মিকেল ওয়ারজাবাল। ফরোয়ার্ড: দানি ওলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেরান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্তর মুনিয়োজ, লামিন ইয়ামাল।






Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy