
X
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্পকে’ রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছে ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মের’ মালিকপক্ষ।
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। পরে ‘ডোনাল্ড ট্রাম্পকে’ ঢাকায় নিয়ে যান ক্রেতা ও তার লোকজন।
যদিও মহিষটি নিয়ে ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশ হলে তা বিশ্বজুড়ে ভাইরাল হয়।
রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারিরা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রঙয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়।
এ সময় মহিষটি নিয়ে স্লোগান দিয়ে খামারের কর্মচারী ও রাখালেরা বলেন, ‘ডোনাল্ড সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম।’ এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ‘আজ ডোনাল্ড ট্রাম্প ক্রেতার কাছে চলে যাচ্ছে। এতদিন লালন-পালন করার ফলে স্বাভাবিকভাবে একটু খারাপ লাগছে। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হবে- এটাই সবচেয়ে বড় পাওয়া। এ ছাড়া মিডিয়ার কল্যাণে এই ফার্ম ভাইরাল হয়েছে, এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ডোনাল্ড ট্রাম্পকে আমাদের রাবেয়া অ্যাগ্রো ফার্ম কখনো ভুলতে পারবে না।’
জিনজিরা এলাকার বাসিন্দা ও ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির বলেন, ‘আমার কেনা কোরবানির পশু এভাবে ভাইরাল হয়ে যাবে এটা কল্পনাও করিনি। বিশ্বজুড়ে এর খবর ছড়িয়ে পড়েছে। এ জন্য এলাকাবাসী সবাই অপেক্ষা করছে ট্রাম্পের জন্য।’
৭০০ কেজি ওজনের আলোচিত মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে কিনে নেন জিনজিরার বাসিন্দা সামির। সে হিসাবে মহিষটির দাম পড়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে দেশের প্রায় সব গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা ভাইরাল হয়। এরপর থেকে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটিকে দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করে বিভিন্ন শ্রেণির মানুষজন।
পরে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে।