প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৫৪ পিএম (ভিজিট : ৪৪)

X
পাহাড়খেকো চক্রের মূলহোতা ওবায়দুল্লাহ গ্রেপ্তার
কক্সবাজার শহরের মৌলভীপাড়া এলাকায় পরিবেশ ধ্বংস করে নির্বিচারে পাহাড় কর্তন, মামলার তদন্তে বাধা প্রদান এবং সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের হওয়া পরিবেশ আইনের মামলার প্রধান আসামি মো. ওবায়দুল্লাহ (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষা ও আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সর্বদা তৎপর। পাহাড় কাটার মামলার প্রধান আসামি ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ কক্সবাজার সদর থানায় পরিবেশ আইনে একটি মামলা (এফআইআর নং-২৫/১৫৫) দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক মো. মুহিব ইবনে রহমান সরেজমিন তদন্তে দেখতে পান, ওবায়দুল্লাহসহ এজাহারভুক্ত আসামিরা আইন অমান্য করে পুনরায় পাহাড় কাটাসহ তদন্ত কার্যক্রমে বাধা সৃষ্টি এবং সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল।
এ অবস্থায় গত ৯ এপ্রিল ২০২৬ পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার জন্য কক্সবাজার সদর মডেল থানায় একটি দাপ্তরিক চিঠি (স্মারক নং-১৮৯) পাঠানো হয়।
মামলার অন্য পলাতক আসামিরা হলেন— সৈয়দ আলম প্রকাশ রিফাত (২৮), মো. হাশেম (৫৫), মো. জাকির হোসেন (৫৪), সাবিনা ইয়াছমিন (৪০) এবং রাবেয়া বছরি (৪৫)। তারা সবাই কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী রোডের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা।