প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ২:১২ পিএম (ভিজিট : ৭৭)

X
ফাইল ছবি
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলায় বাসের ধাক্কায় পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছারের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২ জুন) বিকেলে বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলযোগে পৌরসভা কার্যালয়ে যাচ্ছিলেন জুনায়েদ কাওছার। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৯টার দিকে তিনি মারা যান।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছারের মৃত্যু হয়। তার স্ত্রী হাসপাতালে এলেও স্বামীকে জীবিত অবস্থায় আর দেখতে পাননি।
এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা রাতে জানাজানি হওয়ার পর দাগনভূঞা পৌরসভা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন অনেকেই। কয়েক বছর ধরে তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি হাসিখুশি, আন্তরিক ও দায়িত্বশীল একজন কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন পৌরবাসী।