প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ৩৬)

X
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা গ্রেফতার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী ভাতিজাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউসুফ আলী মোল্লা (৩৫) কে চার দিন পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই সে আত্মগোপনে ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা কাচারীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দুই বছর বয়সী ছেলে আসশাদ। এ ঘটনায় গুরুতর আহত হন আমেনার স্বামী ও ইউসুফের বড় ভাই আব্দুস ছালাম (৪০)।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বড় ভাই আব্দুস ছালাম ও ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে।
ঘটনার রাতে পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে আমেনা ও তার শিশু সন্তান আসওয়াদ গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গেলে আব্দুস ছালামও হামলার শিকার হন।
গুরুতর আহত অবস্থায় আব্দুস ছালামকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই ইউসুফ মোল্লা পালিয়ে যান। পরে তাকে গ্রেফতারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
অবশেষে ২ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউসুফ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।