প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৩১ পিএম (ভিজিট : ৪৩)

X
গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও তানজিলা খানম
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজ তানজিলা খানমকে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনরত মিজ তানজিলা খানমকে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৪ জুন তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
দ্রুত নগরায়ণ, নাগরিক সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আহরণ এবং স্মার্ট নগর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে তার নেতৃত্ব গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রমে নতুন গতি ও কার্যকারিতা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রধান নির্বাহী কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে তিনি সিটি করপোরেশনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনায় ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।