প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৪৮ পিএম (ভিজিট : ৪৭)

X
সৌরভ গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার। রাজ্য সরকারের নিরাপত্তা শাখার পক্ষ থেকে এক পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং হুমকি বিশ্লেষণের পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।
এর ফলে, পশ্চিমবঙ্গ ক্রিকেটের (সিএবি) বর্তমান সভাপতির নিরাপত্তা স্তর ‘জেড’ ক্যাটাগরি থেকে কমিয়ে পুনরায় ‘ওয়াই’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হলো। এর আগে ২০২৩ সালে প্রশাসনিক মূল্যায়নের পর সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা ‘ওয়াই’ থেকে বাড়িয়ে ‘জেড’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছিল।
‘জেড’ ক্যাটাগরির অধীনে এই ক্রিকেট আইকন ৮ থেকে ১০ জন পুলিশ সদস্যের একটি বিশেষ দল দ্বারা সুরক্ষিত থাকতেন। একই সঙ্গে তার বেহালাস্থ বাসভবনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকত এবং রাজ্যের অভ্যন্তরে যেকোনো ভ্রমণের সময় সশস্ত্র এসকর্ট গাড়ি তার সঙ্গী হতো।
নতুন সিদ্ধান্তের ফলে এই ভিআইপি কর্ডন, বাসভবনের স্থায়ী হোমগার্ড এবং ডেডিকেটেড পার্সোনাল সিকিউরিটি অফিসার (পিএসও) প্রত্যাহার করা হচ্ছে। এখন থেকে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা অনুযায়ী, সৌরভ গাঙ্গুলীর প্রটোকলে স্পেশাল ব্রাঞ্চের ৩ জন পুলিশ সদস্য থাকবেন এবং সমসংখ্যক আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তার বেহালার বাড়ি পাহারার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
অবশ্য রাজ্য প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমিয়ে আনার এই সিদ্ধান্ত কোনো একক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত রাজ্যজুড়ে ভিআইপি নিরাপত্তা প্রোটোকল পুনর্গঠনের একটি অংশ। প্রশাসনের এই সংস্কারের মূল উদ্দেশ্য হলো, কোনো ব্যক্তির বর্তমান সাংবিধানিক পদমর্যাদা, অফিশিয়াল স্ট্যাটাস এবং হালনাগাদকৃত হুমকির মাত্রার ওপর ভিত্তি করেই কেবল রাষ্ট্রীয় সুরক্ষার স্তর নির্ধারণ করা।
রাজ্য সরকারের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, মাঠ কাঁপানো সাবেক এই ক্রিকেটারের ওপর তেমন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, যার কারণে ‘জেড’ ক্যাটাগরির সুরক্ষার প্রয়োজন পড়বে। তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর দাবি, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্কের জেরেই এমন ব্যবস্থা নিয়েছে নতুন বিজেপি সরকার।