প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫২ পিএম (ভিজিট : ৪১)

X
আন্দোনি ইরাওলা
আর্না স্লটকে ছাঁটাইয়ের পর নতুন কোচ নিয়োগে দ্রুত এগোচ্ছে লিভারপুল। অ্যানফিল্ডের দায়িত্ব নিতে আন্দোনি ইরাওলার সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছে ইংলিশ ক্লাবটি।
মৌসুম শেষে বোর্নমাউথ ছাড়েন ইরাওলা। এরপর থেকেই লিভারপুলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ৪৩ বছর বয়সি এই স্প্যানিশ কোচ। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাওলার সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে লিভারপুল। কোচিং ক্যারিয়ারজুড়ে স্বল্পমেয়াদি চুক্তির দিকেই ঝুঁকেছেন ইরাওলা।
সাইপ্রাসের এইকে লারনাকা, স্পেনের মিরান্দেস ও রায়ো ভায়েকানো এবং ইংল্যান্ডের বোর্নমাউথসহ সব জায়গাতেই তুলনামূলক ছোট মেয়াদের চুক্তিতে কাজ করেছেন তিনি। চলতি সপ্তাহেই ইরাওলার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
অ্যানফিল্ডে নিজের কোচিং স্টাফে বোর্নমাউথের দুই সহকারী টমি এলফিক ও শন কুপারকে নিতে চান ইরাওলা। তবে বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, নিজেদের ভবিষ্যৎ নিয়ে এলফিক বা কুপারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বোর্নমাউথের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি।
লিভারপুল দ্রুততম সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে চায়। ক্লাবটির লক্ষ্য, এমন একজন কোচ আনা যিনি তাদের পছন্দের খেলার ধরন অর্থাৎ, ফ্রন্ট-ফুট, আগ্রাসী ফুটবল বাস্তবায়ন করতে পারবেন।
বিবিসি স্পোর্ট জানিয়েছে, লিভারপুল সমর্থক এলফিকের সঙ্গে এখনো রেডসদের কোনো যোগাযোগ হয়নি। তবে সুযোগ পেলে তিনি আগ্রহী হবেন। বোর্নমাউথের সাবেক এই সেন্টার-ব্যাকের বয়স ৩৮। গত সপ্তাহে ব্রিস্টল সিটির কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি, অন্য সুযোগগুলো মূল্যায়নের জন্য।
লিভারপুলের কোচ নিয়োগ প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজ। বোর্নমাউথে থাকাকালীন ইরাওলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। শনিবার স্লটকে ছাঁটাই করে লিভারপুল। এর মাত্র এক বছর আগে ডাচ কোচের অধীনেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল রেডসরা। তবে পরের মৌসুমে ক্লাবে অস্থিরতার পর শেষ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।