প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:৩০ পিএম (ভিজিট : ৪৬)

X
ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ১০টি পরিবার এবং আহত ৫টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমির খন্দকার মো. আব্দুর রাকিব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মো. নাছির উদ্দীনসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের সব সড়ক এখনো নিরাপদ নয়। সড়কে অব্যবস্থাপনার কারণে নিরাপদে বাড়ি ফেরা কিংবা গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবছর ঈদে বাড়ি ফেরা অনেক মানুষ লাশ হয়ে ফিরে আসে। আর এসব দুর্ঘটনার শিকার হন সবচেয়ে বেশি শ্রমজীবী মানুষ।
তিনি বলেন, বর্তমান সরকার সড়কের অব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয়নি। ফলে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শ্রমিক সংগঠন হিসেবে শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে সংগঠনটি।
অনুষ্ঠানে নিহত প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা এবং আহত পরিবারের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।