
X
ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশগ্রহনকারী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা
সেমিফাইনালে নেপালের বিপক্ষে স্নায়ুক্ষয়ী লড়াইয়ের পর বৃহস্পতিবার বাংলাদেশ নারী ফুটবল দলের কোনো অনুশীলন ছিল না। টানা ম্যাচ এবং আর্দ্র আবহাওয়ার ধকল কাটাতে পুরো দলকে দেওয়া হয়েছিল সম্পূর্ণ বিশ্রাম। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
দলের মতো হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে গোয়ায় খেলতে আসা তহুরা খাতুনও ঘাম ঝরিয়ে চলেছেন। প্রস্তুত হচ্ছেন নিজের মতো করে, বেঞ্চে বসে থাকার কষ্টটুকু মেনে নিয়ে। সংবাদ মাধ্যমকে বললেন, নিজের নিবেদনটুকু অটুট রাখতে চান তিনি। বাকিটা ছেড়ে দিচ্ছেন সময় ও সুযোগের ওপর।
ম্যাচ টাইম বেশি পাচ্ছেন না, গোলও পাননি এখনও, একটু কী মন খারাপ? প্রশ্নটি শুনে তহুরা খাতুন স্মিত হাসিতে আড়াল করতে চাইলেন হতাশা, কিন্তু পারলেন না। গত ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে দলের সর্বোচ্চ গোলদাতা ভারতের গোয়ায় এসে এখনও যে পাননি জালের দেখা।
তহুরার গোল না পাওয়ার কারণগুলোর মধ্যে একটি, খেলার সময়ই তিনি পাচ্ছেন কম। এ পর্যন্ত দলের খেলা তিন ম্যাচেই ২৩ বছর বয়সি এই ফরোয়ার্ড নেমেছেন বদলি হিসেবে। খেলতে পেরেছেন ৩১, ১৩ ও ৫০ যোগে মোট ৯৪ মিনিট। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে তহুরা মাঠে নামেন ৫৯তম মিনিটে আনিকা রানিয়া সিদ্দিকীর বদলি হিসেবে। বাংলাদেশের ৪-২ গোলে জেতা ওই ম্যাচে তেমন কিছুই করতে পারেননি তিনি।
পরের ম্যাচ ভারতের বিপক্ষে ৭৭তম মিনিটে মোমিতা খাতুনের বদলি নামেন তহুরা। ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে খেলা ১৩ মিনিটে তিনি পারেননি ঝলক দেখাতে। অথচ, দুই বছর আগে নেপালের কাঠমাণ্ডুতে সাফের মুকুট ধরে রাখার পথে গ্রুপ পর্বে ভারতের জালে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যাচটিও বাংলাদেশ জিতেছিল ৩-১ ব্যবধানে।
আর ওই আসরে সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে তহুরা উপহার দিয়েছিলেন হ্যাটট্রিক। সব মিলিয়ে পাঁচ গোল নিয়ে নিজের নামের প্রতি করেছিলেন সুবিচার। কলসিন্দুঁরে তাকে ডাকা হয় ‘মেসি’ বলে। নেপালের বিপক্ষে সেমিফাইনালে ২২তম মিনিটে পিছিয়ে পড়া দলকে পথে ফেরান ঋতুপর্ণা চাকমা। অলিম্পিক গোলে তিনি সমতা ফেরানোর পর, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবাদে জিতে বাংলাদেশ।
সেদিন আক্রমণভাগের শক্তি বাড়াতে ৪০তম মিনিটে উমহেলা মারমার বদলি হিসেবে তহুরাকে নামান বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। দলের খেলায় গতিও বাড়ে কিছুটা। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেননি তহুরা। আক্রমণভাগের বাকিরাও ছিলেন মলিন। চলতি আসরে তাই বাংলাদেশের গোল দেওয়া আর খাওয়ার পরিসংখ্যানের তফাৎ নেই খুব একটা। দিয়েছে পাঁচটি, খেয়েছে চারটি।
চলতি আসরে এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছে ভারত। প্রতিপক্ষের জালে গোল করেছে ১৫টি। প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের অক্ষত জাল ছিঁড়তে আক্রমণভাগ নিয়ে ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে শুক্রবার সকালের অনুশীলনে আলাদাভাবে কাজ করেছেন বাটলার। কেননা, দুই উইংয়ে ঋতুপর্ণা ও শামসুন্নাহার জুনিয়রকে রেখে মূল ফরোয়ার্ড হিসেবে আনিকাকে খেলানোর ছক এখনও কাজ করেনি শতভাগ।
জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আজ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দলের মতো হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে গোয়ায় আসা তহুরাও ঘাম ঝরিয়েছেন। প্রস্তুত হচ্ছেন নিজের মতো করে, বেঞ্চে বসে থাকার কষ্টটুকু মেনে নিয়ে। নিজের নিবেদনটুকু অটুট রাখতে চান তহুরা,‘ মন খারাপ নেই, বেশি খেলার সুযোগও পাইনি। পেলে হয়ত গোল এনে দেওয়ার সুযোগ থাকত। ফাইনালে খেলার সুযোগ পেলে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। চেষ্টা থাকবে আমরা সবাই যেন ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারি। কেননা, তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন তো আমাদের সবারই থাকবে। সেটা পূরণের জন্য আমাদের সবারই অনেক বেশি চেষ্টা থাকবে।’
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দলের সার্বিক অবস্থা, ভারতের বিপক্ষে কৌশল এবং চোট পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেন। গ্রুপ পর্বে এই ভারতের কাছেই বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে সেই হারকে নেতিবাচকভাবে দেখছে না দল। বরং সেখান থেকে শিক্ষা নিয়েই ফাইনালে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘ইন্ডিয়া সম্পর্কে আমাদের প্রচুর ধারণা আছে। গ্রুপ পর্যায়ে তাদের সঙ্গে যে ম্যাচটি খেলেছি এবং হেরেছি, সেটাকে আমরা শুধু হার বলব না; বরং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ভারতের বিপক্ষে কীভাবে খেলব, তা নিয়ে আমাদের কোচিং স্টাফ এবং ম্যাচ অ্যানালিস্টরা অনেক পর্যালোচনা করেছেন। আগামীকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ সেশন আছে, সেখানে আমরা কাজগুলো চূড়ান্ত করব। ফাইনালে ইনশাআল্লাহ ভারতের বিপক্ষে আমরাই জয়ী হব।’
ফাইনালের লড়াইকে ফিফটি-ফিফটি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচ যেকোনো দলই জিততে পারে। দুই দলই ভালো। তবে যে দল মাঠে বেশি উজ্জীবিত থাকবে, তারাই জিতবে। আমাদের দল এখন জয়ের ধারায় আছে এবং উজ্জীবিত আছে। আমরা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা করব।’
নেপালের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং প্যানেল। আবুল হোসেন বলেন, ‘নেপাল পূর্ণ শক্তি নিয়ে মাঠে এসেছিল এবং তারা যথেষ্ট ভালো দল। কিন্তু আমাদের দলে তরুণ ও সিনিয়রদের দারুণ মিশ্রণ আছে। গ্রুপ পর্বে একটি ম্যাচ হারার পর সেমিফাইনালের মতো বড় ম্যাচে স্বাভাবিকভাবেই একটু চাপ থাকে। কিন্তু মেয়েরা স্নায়ুচাপ সামলে আস্তে আস্তে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং পিছিয়ে থাকার পরও জয় নিশ্চিত করেছে।’
মায়ের আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়া ডিফেন্ডার শিউলি আজিম এবং দলের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন তিনি। সহকারী কোচ বলেন, ‘দলের অবস্থা এখন অবশ্যই ভালো। গতকাল দারুণ একটি জয় পেয়ে আমরা ফাইনালে উঠেছি। শিউলিও এখন কিছুটা উজ্জীবিত আছে। আমরা সবাই তাকে সমবেদনা জানিয়েছি এবং সেমিফাইনালের জয়টি তার মায়ের প্রতি উৎসর্গ করেছি। শিউলি ভালো আছে মানে আমাদের দলের সবাই এখন উজ্জীবিত, কোনো সমস্যা নেই।’
দলে বড় কোনো চোট সমস্যা না থাকলেও সেমিফাইনালে বদলি হিসেবে নেমে চোটে পড়া মিডফিল্ডার মনিকা চাকমাকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তার বর্তমান অবস্থা সম্পর্কে আবুল হোসেন বলেন, ‘আমাদের দলে তেমন কোনো ইনজুরি নেই। শুধু মনিকা গতকাল ম্যাচের মধ্যে কিছুটা ব্যথা পেয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ফিজিও তাকে দ্রুত সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ’