প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:২১ পিএম আপডেট: ০৬.০৬.২০২৬ ১:৩৮ পিএম (ভিজিট : ৯৯)

X
ফাইল ছবি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে গতকয়েকদিনের তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে গরম কিছুটা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির প্রভাবে তাপমাত্রাও কিছুটা নেমে এসেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
দেশের ৫১টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্রে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে নরসিংদীতে। রাজধানী ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে বলেছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।