
X
এক মাস ২০ দিনে বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রীরা
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি জানিয়েছেন, সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভায় সাতজন মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। তারা মন্ত্রণালয়গুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা, সম্ভাব্য সমাধান এবং গত এক মাস ২০ দিনে গৃহীত বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
আজ শনিবার (৬ জুন) রাত ৮টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শেষ হয়।
চিফ হুইপ জানান, সভায় প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় জাতীয় শিক্ষাক্রমে (কারিকুলাম) সংযোজিত বিভিন্ন ভুলত্রুটি সংশোধন এবং শিক্ষাক্রমকে যুগোপযোগী করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে, যা শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং তাদের বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হতে সক্ষম করে তুলবে।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মিড-ডে মিল কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। কোথাও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। হাসপাতাল আধুনিকায়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়।
হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনায় জানানো হয়, দেশের সব উপজেলায় হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায়, বিশেষ করে বরিশাল অঞ্চলে, প্রয়োজনীয় প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নুরুল ইসলাম মনি বলেন, দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এবং ইতোমধ্যে এ খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে।
যোগাযোগ ও অবকাঠামো খাতের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এক হাজার শয্যার পাঁচটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যানজট নিরসন, নতুন সড়ক ও সেতু নির্মাণ এবং ঢাকা-সিলেটসহ গুরুত্বপূর্ণ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
চিফ হুইপ আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস ১০ দিনের মধ্যেই নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন এবং কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে এবং বেশ কয়েকটি উদ্যোগ পরীক্ষামূলক পর্যায়েও বাস্তবায়ন করা হচ্ছে।
এ ছাড়া সড়ক, যোগাযোগ, পানি উন্নয়ন, নৌপরিবহন, কনটেইনার টার্মিনাল এবং বন্দর উন্নয়নসহ বিভিন্ন খাতে চলমান কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয়।
পদ্মা ব্যারাজ প্রকল্প প্রসঙ্গে নুরুল ইসলাম মনি বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের পানিসংকট ও খরার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে কৃষি, পানি ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে।