প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:৫২ এএম (ভিজিট : ৯৬)

X
ছবি: প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে প্রধান সড়কের পাশে বাঁশের হাট বসায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নজরে এনে যথাযথ নিরাপদ স্থানে হাট স্থানান্তরের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাতগাতী-টু বাগেরহাট সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে বাঁশ বেচাকেনার হাট বসে আসছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজার হাজার পথচারী চলাচল করেন। বছরের বারো মাসই এখানে বাঁশ কেনাবেচা হয়।
এসব বাঁশ ক্রেতাদের কাছে বিক্রির পর গাড়িতে তোলা হলে পুরো রাস্তা আটকে যায়। এতে একদিকে যানজটের সৃষ্টি হয়, অন্যদিকে দ্রুতগতির যানবাহন অনেক সময় দুর্ঘটনার মুখোমুখি হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
এলাকার ভ্যানচালক জাহাঙ্গীর শেখ, অটোচালক ইমন শেখসহ অনেক পথচারী জানান, রাস্তার পাশ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাঁশ ওঠানো-নামানো উচিত।
বেশিরভাগ ক্ষেত্রে গাড়িতে বাঁশ তোলার সময় রাস্তা আটকে যায়। অনেক সময় সামান্য অসতর্কতা হলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে। যাতে রাস্তার ওপর থেকে বাঁশ ঘোরানো না হয়, সে জন্য সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। যাতে সড়ক থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বাঁশের কেনাবেচা করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।