প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:০৬ পিএম (ভিজিট : ৪৬)

X
ছবি: প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের বকচর এলাকায় আগে থেকেই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। রংপুরগামী শাহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী এসি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিয়ে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এ সময় পেছনে থাকা অপর একটি ট্রাক ওই যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসে থাকা যাত্রী এবং চালকরা আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ধরন বেশ ভয়াবহ হলেও কোনো প্রাণহানি ঘটেনি।