প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৫:০৮ পিএম আপডেট: ০৭.০৬.২০২৬ ৫:১১ পিএম (ভিজিট : ৪২)

X
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৯ লাখ টাকার মাদক জব্দ
চুয়াডাঙ্গা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। শনিবার (৬ জুন) ও রোববার (৭ জুন) সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।
৬ বিজিবি সূত্র জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বড়বলদিয়া, সুলতানপুর ও বারাদী বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) টহল দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৯.৯ কেজি ভারতীয় গাঁজা, ১৯ বোতল মদ, ৪০৫ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ১৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১৪ পিস শাড়ি এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক। বিজিবির তথ্যমতে, জব্দকৃত এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ২ হাজার ৬৫০ টাকা।
৬ বিজিবির (চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত নিরাপত্তা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।