প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম (ভিজিট : ৬৮)

X
চলতি জুন মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৩৯ লাখ ডলার।
রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলার। সে হিসাবে বছর ব্যবধানে চলতি সময়ে রেমিট্যান্স প্রবাহ কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৪৪ কোটি ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮৮ শতাংশ বেশি।
এর আগে গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
গত মার্চে সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এছাড়া এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া গত ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে আগস্টে দেশে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।