
X
বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে কোনো অজুহাত দাঁড় করালেন না বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমাস বাটলার। বরং সরাসরি হার ও ব্যর্থতার সবটুকু দায়ভার নিজের কাঁধে তুলে নিলেন তিনি। শনিবার ফাইনাল পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি এখানে কোনো অজুহাত দিতে আসিনি। আমি দায়িত্ব নিচ্ছি এবং আমি জবাবদিহি করতে বাধ্য। টেকনিক্যাল বিষয়ের সব দায়ভার আমার।
দলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, অন্যান্য কোনো জটিলতা বা কাণ্ডকারখানা আমার দেখার বিষয় নয়। তবে খেলার মাঠে কৌশলী ব্যর্থতার দায় পুরোপুরি আমারই।
কোচের মতে, আধুনিক ফুটবলে কেবল ভাগ্যের ওপর ভরসা করে জয় পাওয়া সম্ভব নয়। তিনি মনে করেন, আজকের ম্যাচে ভারত তাদের সুযোগগুলো কাজে লাগিয়ে সঠিক সময়ে গোল আদায় করে নিয়েছে, যেখানে বাংলাদেশ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। হারের পর নিজেকে সামলে নিয়ে পরবর্তী পরিস্থিতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন এই অভিজ্ঞ কোচ।
বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে চুক্তির একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন বর্তমান কোচ। সাফের ফাইনালে ভারতের কাছে হারের পর তার ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কোচ নিজেই জানিয়েছেন, কোনো তাড়াহুড়ো করে নয়, বরং পরিস্থিতির বাস্তবতা বিশ্লেষণ করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
নিজের ভবিষ্যৎ নিয়ে কোচ বলেন, আমার বর্তমান চুক্তির মেয়াদ শেষের দিকে। আমি এখানে আসার পর থেকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং এখন আমাকে ভাবতে হবে আমি কী করতে চাই। তিনি আরও জানান, এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য কিছুটা কঠিন, কারণ দীর্ঘ সময় তিনি বাংলাদেশে কাটানোর পাশাপাশি এই তরুণ দলটির সঙ্গে এক ধরনের আবেগময় বন্ধন তৈরি করেছেন।
কোচের কথায় স্পষ্ট, তিনি কেবল পেশাদারী জায়গা থেকেই নয়, বরং ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকেও বাংলাদেশ ফুটবলকে দেখেছেন। তবে বাংলাদেশের নারী ফুটবলের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব তাকে নতুন চ্যালেঞ্জ নিতে উদ্বুদ্ধ করতে পারে।
কোচ জানান, আমি হয়তো নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজছি, তবে এখনই কিছু চূড়ান্ত নয়। আমি নিজের বর্তমান দায়িত্ব শেষ করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।