বাংলাদেশ দলে মোসাদ্দেকের ভূমিকা স্পষ্ট করলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মেহেদী হাসান মিরাজের উপস্থিতিকেই একসময় জাতীয় দলে মোসাদ্দেক হোসেন সৈকতের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখেছিলেন তৎকালীন প্রধান নির্বাচক

2026-06-08T19:56:21+00:00
2026-06-08T19:56:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ দলে মোসাদ্দেকের ভূমিকা স্পষ্ট করলেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-ইন্টারনেট
X

মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-ইন্টারনেট

মেহেদী হাসান মিরাজের উপস্থিতিকেই একসময় জাতীয় দলে মোসাদ্দেক হোসেন সৈকতের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখেছিলেন তৎকালীন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ঠিক এক বছর পর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।

এখন সেই মিরাজই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, আর তার নেতৃত্বেই প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলে ফিরছেন মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আবারও সুযোগ পেয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। অধিনায়ক মিরাজের স্পষ্ট কথা, মোসাদ্দেক তার দায়িত্ব পালন করবে, আমি আমারটা করব।

গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছিলেন মোসাদ্দেক। তবুও সুযোগ মিলছিল না। গত ঢাকা প্রিমিয়ার লিগে বল হাতে ৩০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। আর ওই আসরেই ১০৭ স্ট্রাইক রেটে ৪৮৭ রান করেছিলেন মোসাদ্দেক। চলতি আসরে এখন পর্যন্ত ৭ ইনিংসে ১ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে করেছেন ৩৩৬ রান। তাঁর স্ট্রাইক রেট ১৩৩। বল হাতে নিয়েছেন ১২ উইকেট।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কারই পেলেন তিনি। হাবিবুল বাশার বলেন, ‘মোসাদ্দেক অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে আসছে। সে ভালো ক্রিকেট খেলছে এবং ফিটনেসের দিক থেকেও ভালো অবস্থায় আছে। আমার মনে হয়, তাকে দলে নেওয়ার এটাই উপযুক্ত সময়। আমরা যে ভূমিকায় তাকে ভাবছি, সে যদি সেখানে ভালো করতে পারে, তাহলে দল আরও শক্তিশালী হবে।’

মিরাজ অধিনায়ক, নিশ্চিতভাবেই ম্যাচ খেলবেন। মিরাজের মতো একই ধরনের ভূমিকার ক্রিকেটার মোসাদ্দেক। যদিও মিরাজ দাবি করলেন, দুজনের দায়িত্বের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, ‘মোসাদ্দেক আর আমি অনেক দিন একসঙ্গে খেলেছি, এমনকি ২০১৯ বিশ্বকাপও একসঙ্গে খেলেছি। তাই এখানে নতুন কোনো বিষয় নেই। মোসাদ্দেক তার দায়িত্ব পালন করবে, আমি আমারটা করব। সে মূলত ব্যাটিং অলরাউন্ডার, আর আমি বোলিং অলরাউন্ডার। আমাদের ভূমিকা আলাদা। সে যদি পারফর্ম করতে পারে, তাহলে সেটা আমার জন্য যেমন সহায়ক হবে, দলের জন্যও তেমন গুরুত্বপূর্ণ হবে।’

ব্যাটিং অলরাউন্ডার হলেও ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেকের বোলিং পারফরম্যান্সও দারুণ। গত আসরে তিনি ৩০ উইকেট শিকার করেছেন। চলতি আসরে ৭ ইনিংসে নিয়েছেন ১২ উইকেট। যদিও মিরাজ তাকে বিকল্প বোলিং অপশন হিসেবেই দেখছেন, ‘দলে যদি এমন একজন ক্রিকেটার থাকে, যে প্রয়োজনে অতিরিক্ত বোলিং অপশন দিতে পারে, তাহলে অধিনায়কের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। পাঁচ বোলারের বাইরে আরেকজন বিকল্প থাকলে দলের ভারসাম্য ভালো থাকে। মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো বোলিং করেছে। সে যদি নিজের সামর্থ্য অনুযায়ী বল করতে পারে, তাহলে দল উপকৃত হবে।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মিডল অর্ডার দারুণ ছন্দে আছে। ঢাকা লিগে খেলা তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেনরা নিয়মিত রান করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ছন্দ ধরে রাখতে পারলে বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি হতে পারে। মিরাজও সেটাই মনে করেন, ‘অবশ্যই আমি অনেক আত্মবিশ্বাসী। মিডল অর্ডারে আগে অনেক অভিজ্ঞ ক্রিকেটার খেলেছে। তাদের জায়গা পূরণ করতে কিছুটা সময় লাগবেই। আমার মনে হয়, সেই সময়টা আমরা পেয়েছি এবং নিজেদের গুছিয়ে নিতে পেরেছি। যারা এখন খেলছে, তারা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো করছে। তাওহিদ হৃদয়, মোসাদ্দেক, লিটন..সবাই রান করছে। তাই আমার মনে হয়, এখন আমাদের খুব ভালো একটি কম্বিনেশন আছে।’








Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy