প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ৬১)

X
লক্ষ্মীপুরে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের স্থান পরিদর্শন
লক্ষ্মীপুরে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মিছবাহ উদ্দিন লক্ষ্মীপুরে সম্ভাব্য স্থান ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
আজ বুধবার পরিদর্শনকালে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার অভিরখিল এলাকায় প্রস্তাবিত মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের অবকাঠামো ও সেবার মান পর্যালোচনা করেন। এ সময় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা, প্রয়োজনীয় জমি, হাসপাতালের সক্ষমতা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. হাছান শাহীন, সহকারী অধ্যাপক (ইনসিটু) ডা. ইকবাল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাথউ মারমা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র জানায়, লক্ষ্মীপুরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় ২০ একর জমি অধিগ্রহণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রস্তাবিত জমি পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকার ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ-সুবিধা মূল্যায়ন করেন।
এদিকে দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুরে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করে দ্রুত কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
স্থানীয়দের দাবি, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে আগামী শিক্ষাবর্ষ থেকেই লক্ষ্মীপুর সরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা হোক। তাদের মতে, মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ উন্নত চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিদর্শন প্রতিবেদন এবং প্রয়োজনীয় সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে মেডিকেল কলেজ স্থাপনের পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।