প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম আপডেট: ১৩.০৬.২০২৬ ৩:৫৭ পিএম (ভিজিট : ৩০)

X
কক্সবাজারে জিয়ার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনর্খননের উদ্বোধন প্রধানমন্ত্রীর
কক্সবাজারের পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পুনর্খননের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সেচ সংকট নিরসনের নতুন আশার দ্বার উন্মোচন হলো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খালের পুনর্খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল এলাকায় উপস্থিত হয়ে কোদাল দিয়ে মাটি কেটে পুনর্খনন কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত জনতার করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থান থেকে কোদাল হাতে পাতলী খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন, প্রায় একই স্থান থেকে তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান পুনর্খননের উদ্বোধন করেন। পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে একদিনের সফরে শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পাতলী খাল পুনর্খনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কয়েকটি ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন অবহেলায় নাব্যতা হারানো এ খালের পুনর্খনন শুধু পানি প্রবাহ স্বাভাবিক করবে না, বরং কৃষি ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে পাতলী খাল ঘিরে নতুন করে জেগেছে উন্নয়নের প্রত্যাশা।