প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ৪৪৫)

X
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্মিলিত সাংবাদিক পরিষদের সদ্যবিদায়ী সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইসা, জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এ্যাড. আব্দুস সালাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। তারা সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।