প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম (ভিজিট : ৫৪)

X
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার লালদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এক অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মার বন্ধন ফাউন্ডেশন’। মঙ্গলবার (১৬ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সব শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় পাঠ্যবই ও সাধারণ জ্ঞানভিত্তিক নানা প্রশ্ন উপস্থাপন করা হয়। সেই সঙ্গে সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তবে শুধু মেধাচর্চাই নয়, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেও সংগঠনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট বল, ব্যাট ও ফুটবল বিতরণ করে। এই উপহার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চায় উৎসাহী করে তুলবে—এটাই ছিল সংগঠনটির লক্ষ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি আত্মার বন্ধন ফাউন্ডেশনের এই উদ্যোগকে যুগোপযোগী ও সময়োপযোগী আখ্যায়িত করে বলেন, “শুধু মুখস্থ বিদ্যা নয়, প্রাত্যহিক জীবন ও সাধারণ জ্ঞানের চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য। পাশাপাশি খেলাধুলা তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। আত্মার বন্ধন ফাউন্ডেশন এই দুই দিকেই গুরুত্ব দিয়েছে—এটি সত্যিই প্রশংসনীয়।”
এ সময় সংগঠনের সভাপতি মো. মতিন ইসলাম, সহ-সভাপতি মো. জিল্লুর রহমান জিকু, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. মল্লিকা আক্তার ও মো. সুমন ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তাজনিম জারা ও রবিউল ইসলাম, সহ-অর্থবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন এবং প্রচার সম্পাদক দূরন্ত হানিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকরা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার প্রসার ও সুস্থ সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ তারা নিয়মিতভাবে বাস্তবায়ন করে যাবেন। এই আয়োজন স্থানীয় অভিভাবক ও সুধী মহলে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।