
X
আর্জেন্টিনা
ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। গ্রুপ ‘জে’ এর প্রথম ম্যাচে কানসাস সিটি স্টেডিয়ামে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও অধিনায়ক লিওনেল মেসিকে সামনে রেখে বিশ্বমঞ্চে নামছে। কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা শিরোপা ধরে রাখার লক্ষ্যেই টুর্নামেন্ট শুরু করতে চায় জোরালোভাবে। তবে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে কিছু ইনজুরি সমস্যায় ভুগেছে আর্জেন্টিনা।
চোটের কারণে লিওনার্দো বালের্দি স্কোয়াড থেকে ছিটকে যান। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি। এছাড়া কয়েকজন ফুটবলার ফিটনেস সমস্যায় থাকলেও ম্যাচের আগে বেশিরভাগ খেলোয়াড়ই ফিট হয়ে উঠেছেন। শুধু নিকোলাস তাগলিয়াফিকো এই ম্যাচে খেলতে পারবেন না।
বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচে ভালো ছন্দে ছিল আর্জেন্টিনা। হন্ডুরাসকে ২-০ এবং আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই আলবিসেলেস্তেরা মাঠে নামছে।
অন্যদিকে আলজেরিয়াও সহজ প্রতিপক্ষ নয়। রিয়াদ মাহরেজকে কেন্দ্র করে গড়া দলটি দ্রুত আক্রমণ ও টেকনিক্যাল ফুটবলে যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম।
প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ এবং বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে তারা।
তবে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আলজেরিয়া। দলের অভিজ্ঞ ডিফেন্ডার রামি বেনসেবাইনি গোড়ালির চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এগিয়ে আছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত একবার দেখা হয়েছে দুই দলের, যেখানে জয় পেয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
সম্ভাব্য একাদশ : আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মোলিনা/গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস/নিকোলাস ওতামেন্ডি, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দি পল, আলেক্সিস মাক আলিস্তার, এনসো ফার্নান্দেস, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেস।
আলজেরিয়া: লুকা জিদান, রাফিক বেলঘালি, আইসা মান্দি, সামির শেরগুই, রায়ান আইত-নুরি, ফারেস শাইবি, হিচাম বুদাউই, হুসেম আওয়ার, রিয়াদ মাহরেজ, আমিন গুইরি ও মোহাম্মদ আমুরা।