১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সেই ২০১০ সালের পর ইংল্যান্ডের মাঠে আর টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। দা গার্ডিয়ানের খবর সত্যি হলে, দীর্ঘ

2026-06-22T20:45:38+00:00
2026-06-22T20:45:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৯)
টেস্টে সম্প্রতি দারুণ খেলছে বাংলাদেশ দল-ফাইল ছবি
X

টেস্টে সম্প্রতি দারুণ খেলছে বাংলাদেশ দল-ফাইল ছবি

সেই ২০১০ সালের পর ইংল্যান্ডের মাঠে আর টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। দা গার্ডিয়ানের খবর সত্যি হলে, দীর্ঘ সেই খরা কাটছে আগামী বছর। আগামী মে মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ব্রিটিশ দৈনিকটির খবর অনুযায়ী, মূলত ঘরের মাঠে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলবে ইংল্যান্ড। ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে ক্রিকেট তীর্থ লর্ডসে ম্যাচটি হওয়ার সম্ভাবনা আছে।

আর সেক্ষেত্রে চার মাসের মধ্যে ইংল্যান্ডের সঙ্গে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। আইসিসির বর্তমান ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলার কথা ইংলিশদের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ম্যাচ দুটি হওয়ার কথা মিরপুর ও চট্টগ্রামে।

ইংল্যান্ডে বাংলাদেশের টেস্ট ম্যাচটির ভেন্যু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যুর ওপর। আগামী জুনে অনুষ্ঠেয় ফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

২০৩১ সাল পর্যন্ত প্রতি দুই বছর অন্তর পরবর্তী তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করার জন্য আইসিসির সঙ্গে চুক্তি আছে ইসিবির। সেই চুক্তির শর্তানুযায়ী, ফাইনালটি অবশ্যই লন্ডনে অনুষ্ঠিত হতে হবে এবং গত দুটি ফাইনাল আয়োজনের পর লর্ডসকেই নির্দিষ্ট করা হয়েছিল ভেন্যু হিসেবে। কিন্তু পিচের অবস্থা নিয়ে উদ্বেগের কারণে ফাইনালটি ওভালে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করছে ইসিবি।

কদিন আগে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের টেস্টে তুমুল সমালোচনার শিকার হয়েছিল লর্ডসের উইকেট। অতিরিক্ত সিম মুভমেন্ট ও অসম বাউন্স মিলিয়ে উইকেট ছিল মাত্রাতিরিক্ত বোলিং সহায়ক। ১৬৬ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচটি। ১৪০ বছরের মধ্যে লর্ডসে সংক্ষিপ্ততম টেস্ট সেটি, যেখানে দুই দল উভয় ইনিংসে অলআউট হয়েছে। ৪০টি আউটের মধ্যে ২৪টিই ছিল বোল্ড এবং এলবিডব্লিউ। আইসিসিও পরে লর্ডসের উইকেটকে ‘অসন্তোষজনক’ রায় দিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দেয়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ পর্যন্ত যদি লর্ডস থেকে সরে ওভালে চলে যায়, তাহলে বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচটি হবে লর্ডসেই। লর্ডসের সত্বাধিকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সাথে ইসিবির চুক্তি অনুযায়ী, প্রতি ইংলিশ গ্রীষ্মে লর্ডস দুটি টেস্ট আয়োজনের সুযোগ পাবে। সেক্ষেত্রে আগামী ইংলিশ গ্রীষ্মের সাতটি টেস্টের মধ্যে চারটিই লন্ডনে অনুষ্ঠিত হবে এবং উত্তর ইংল্যান্ডে কোনো টেস্ট ক্রিকেট হবে না।

অ্যাশেজের ভেন্যু নির্বাচনের জন্য এর মধ্যেই তুমুল সমালোচনার মুখে পড়েছে ইসিবি, কারণ লর্ডস ও ওভালের পাশাপাশি এজবাস্টন, ট্রেন্ট ব্রিজ এবং সাউথ্যাম্পটনে হবে খেলা। ইংল্যান্ডের প্রাক-অ্যাশেজ টেস্টটি ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা ছিল। যদিও জানা গেছে যে ইসিবির কাছ থেকে ক্ষতিপূরণ পেলে ল্যাঙ্কাশায়ার (ওল্ড ট্র্যাফোর্ডের মালিকপক্ষ) এই আসর থেকে সরে দাঁড়াতে রাজি আছে।
আগামী বছর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৯টি টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ফেব্রুয়ারিতে বাংলাদেশে দুটি টেস্ট ম্যাচ খেলার পর তারা যাবে অস্ট্রেলিয়া সফরে। টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ একটি টেস্ট ম্যাচ হবে মেলবোর্নে আগামী মার্চে।

এরপর মে মাসে বাংলাদেশের বিপক্ষে ওই টেস্ট। জুন-জুলাইয়ে আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম ১০ বছরেই দুই দফায় ইংল্যান্ডে টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০০৫ সালে খেলেছে দুটি টেস্ট, ২০১০ সালে দুটি। এরপর আর বাংলাদেশকে কখনোই ডাকেনি ইংল্যান্ড, আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতেও হয়নি জায়গা।
গত ১৬ বছরে ইংলিশরা বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে মোটে একবার। ২০১৬ সালে সেই সিরিজটি ১-১ ড্র হয়েছিল।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy