বুদিমিরের গোলে ক্রোয়েশিয়ার স্বস্তির জয়

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

ম্যাচের শুরুতে ক্রোয়েশিয়াকে বেশ চাপে রাখল পানামা। অল্পের জন্য তারা পেল না গোল। বিরতির পর পাল্টে গেল ম্যাচের

2026-06-24T20:44:49+00:00
2026-06-24T20:47:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বুদিমিরের গোলে ক্রোয়েশিয়ার স্বস্তির জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৮:৪৭ পিএম  (ভিজিট : ৩১)
বিশ্বকাপে পানামার বিপক্ষে গোলের পর আন্তে বুদিমিরের উল্লাস
X

বিশ্বকাপে পানামার বিপক্ষে গোলের পর আন্তে বুদিমিরের উল্লাস

ম্যাচের শুরুতে ক্রোয়েশিয়াকে বেশ চাপে রাখল পানামা। অল্পের জন্য তারা পেল না গোল। বিরতির পর পাল্টে গেল ম্যাচের চিত্র। বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন আন্তে বুদিমির। আসরে প্রথম জয়ের দেখা পেল ক্রোয়াটরা। 

টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া ম্যাচে পানামার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ২০১৮ সালের রানার্সআপর ক্রোয়েশিয়া। এদিনের এই জয়ে দুই ম্যাচ থেকে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপে তিন নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুটিই হেরে বিদায় নিশ্চিত হয়ে গেল পানামার। আর ৪ পয়েন্ট করে নিয়ে ঘানা দুইয়ে, ইংল্যান্ড আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও তৃতীয় হওয়া সেরা আটটি দল পাবে নকআউটের টিকিট। ক্রোয়েশিয়ার সম্ভাবনা টিকে থাকল ভালোভাবেই। ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হেরে অভিযান শুরু করেছিল ক্রোয়েশিয়া। ৯৫ মিনিটের গোলে ঘানার বিপক্ষে হেরেছিল পানামা। এ দিন ক্রোয়েশিয়ার হয়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সি অধিনায়ক লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও, শুরুতে সুযোগ বেশি তৈরি করে পানামা। ২৩তম মিনিটে এগিয়েও যেতে পারত তারা। গোলরক্ষক দমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় রক্ষা পায় ক্রোয়েশিয়া। ডানদিকের বাইলাইনের কাছ থেকে আমির মুরিয়োর ক্রসে বক্সে জোরাল হেড করেন হোসে লুইস রদ্রিগেস। লিভাকোভিচের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে বল।

প্রথমার্ধে একবারই গোল পাওয়ার খুব কাছাকাছি যেতে পারে ক্রোয়েশিয়া। যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে মার্তিন বাতুরিনার নিচু শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন পানামা গোলরক্ষক। প্রথমার্ধে গোলের জন্য দুটি শট নিয়ে এই একটিই লক্ষ্যে রাখতে পারে ক্রোয়াটরা। দ্বিতীয়ার্ধের শুরুতে পেটার মুসার জায়গায় আন্তে বুদিমিরকে নামান ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। দারুণ কাজে লাগে সেই সিদ্ধান্ত। ৫৪তম মিনিটে দলকে এগিয়ে নেন বুদিমির। ডান দিক থেকে ইয়োসিপ স্তানিসিচের ক্রসে দূরের পোস্টে পা ছুঁয়ে বল জালে পাঠান তিনি।

৬৮তম মিনিটে লিভাকোভিচের অসাধারণ দৃঢ়তায় আবার রক্ষা পায় ক্রোয়েশিয়া। মুরিয়োর পরপর দুটি শট ঠেকান তিনি। সেখান থেকে পানামার পাওয়া কর্নারে কার্লোস হার্ভির হেডে বল একহাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ৩১ বছর বয়সী গোলরক্ষক। বাকি সময়ে সুযোগ আসে দুই পাশেই, কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ।

আর শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার রাতে ঘানার বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে পানামা।







Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy