প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:১৫ পিএম (ভিজিট : ১৬৩)

X
ফাইল ছবি
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যা ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে দেশের পাঁচটি নির্ধারিত কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা সেবা দেওয়া হবে। এর ফলে চিকিৎসা, ভ্রমণ, ব্যবসায়িক ও পারিবারিক প্রয়োজনে ভারতে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। দীর্ঘ বিরতির পর এই সিদ্ধান্ত দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও পর্যটন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে ট্যুরিস্ট ভিসা চালুর কথা জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে।
প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে। তবে পর্যায়ক্রমে অন্যান্য শহরের ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এই কার্যক্রম চালু হবে।
মেডিকেল ভিসা প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে। এর পরিধি আরও বাড়ানো হবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে আমরা মেডিকেল ভিসার সুবিধা অব্যাহত রাখব।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্যদিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরুর পর রাজধানীর বারিধারার প্রগতি সারণির যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনে আসেন দিনেশ ত্রিবেদী। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন তিনি।