প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ২৫.০৬.২০২৬ ৯:২৪ পিএম (ভিজিট : ৭৯৯)

X
নিহতের সংখ্যা বেড়ে ১৬৪
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁঁড়িয়েছে। ভূমিকম্পের পর নিখোঁজ মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চালু করা একটি ওয়েবসাইটে ৭ হাজার ৩৮১ জনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
স্থানীয় সময় রাত প্রায় ২টা ৪৫ মিনিট পর্যন্ত এ সংখ্যা নথিভুক্ত করা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নিখোঁজ ব্যক্তি এবং ঘরবাড়ি বা অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য সরকারের ‘ভেনঅ্যাপ’ এর মাধ্যমে জানাতে।
বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। এছাড়া ভূমিকম্পে কয়েকশ মানুষ আহত হয়েছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথমে হতাহতদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।
এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।