প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:০৬ পিএম (ভিজিট : ২৮)

X
ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে কার্লো আনচেলত্তি (বাঁয়ে)। ছবি: রয়টার্স
গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে জালের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের আক্রমণের প্রাণ রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডই। তার এই ছুটে চলা দারুণ উপভোগ করছেন কার্লো আনচেলত্তি। এই বিশ্বকাপে ব্রাজিল কোচ তৃপ্তি নিয়ে দেখছেন ভিনিসিয়াসের পারফরম্যান্স।
ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিয়াস, একটি ম্যাথেউস কুনহা।
ব্রাজিলের পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কীর্তি গড়লেন ভিনিসিয়াস। আগের চার জনের ক্ষেত্রেই শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল ব্রাজিল- ১৯৭০ সালে জাইরজিনিয়ো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো ও রিভালদো।
এবার আপাতত গ্রুপ সেরা হয়ে শেষ বত্রিশে খেলবে ব্রাজিল। সময়টা উপভোগ করছেন ভিনিসিয়াসের ক্যারিয়ারে দারুণ ছাপ রাখা আনচলেত্তি। ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসকে প্রথম পান অভিজ্ঞ ইতালিয়ান কোচ। তরুণ ফরোয়ার্ডকে সময়ের সেরাদের একজনের কাতারে নিয়ে আসার পথে তার ছিল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। সেটা অসংখ্যবার নিজেই বলেছেন ভিনিসিয়াস।
বিশ্বকাপে দুই যুগ ধরে ষষ্ঠ শিরোপার সন্ধানে থাকা ব্রাজিলের গোলের জন্য এবার সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়াস। আসরে এখন পর্যন্ত তিনি করেছেন চার গোল। তার ক্যারিয়ারে যে পরিমাণ প্রভাব রেখেছেন তাতে প্রশ্ন উঠল আনচেলত্তিই কি ভিনিউসিয়াসকে আবিষ্কার করেছেন?
“ভিনিসিয়াসকে এভাবে খেলতে দেখা তৃপ্তিদায়ক। সে যে এই পর্যায়ে পৌঁছাতে পারবে তা নিয়ে আমার কোনো সংশয় ছিল না। না, আমি ভিনিকে আবিষ্কার করিনি। সে শীর্ষ মানের একজন খেলোয়াড়, বিশ্বের সেরাদের একজন। ভিনি এই মুহূর্তে দারুণ ছন্দে আছে এবং দল তাকে অনেক সাহায্য করছে। সে বিভিন্ন পজিশনে খেলতে পারে, ভেতর ও বাইরে এবং উইংয়ে।”