প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:১৪ পিএম (ভিজিট : ৫২)

X
সংগৃহীত ছবি
আক্রমণ- পাল্টা আক্রমণ, গোল-পাল্টা গোলে ম্যাচ হয়ে উঠল রোমাঞ্চকর। উত্তাপের সেই লড়াইয়ের ফয়সালা হলো ম্যাচের শেষ শটে। কান আয়ানের সেই গোলেই যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে জয় তুলে নিল তুরস্ক।
লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে বিশ্বকাপ স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক। ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপে জয় পেল তারা।বাংলাদেশ সংবাদ
হারলেও গ্রুপ সেরা হয়ে যুক্তরাষ্ট্রের নক আউট পর্ব নিশ্চিত হয়েছিল আগেই। অন্যদিকে জিতেও পয়েন্ট তালিকার তলানীতে থেকে বিদায় নিল তুরস্ক।
গ্যালারি মাতিয়ে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাত্র ১৩৪ সেকেন্ডে অস্টন ট্রাস্টি যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। এটি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। ২০১৪ বিশ্বকাপে ঘানার বিপক্ষে ৩০ সেকেন্ডে গোল করেছিলেন ক্লিন্ট ডেম্পসি।
জবাব দিতে সময় নেয়নি তুরস্ক। দশম মিনিটে আরদা গুলার সমতা ফেরান। এরপর ৩১তম মিনিটে অরকুন কোকচু গোল করে তুরস্ককে এগিয়ে দেন।
বিরতি থেকে ফিরে চতুর্থ মিনিটেই বারহাল্টার দুর্দান্ত শটে স্কোরলাইন ২-২ করেন। গ্যালারিতে তখন উল্লাসের জোয়ার।
এরপর গোলের জন্য মরিয়া লড়াই চালিয়েছে দুই দল। চুল পরিমান ছাড় দেয়নি তুরস্ক। আক্রমণে তারা বাড়ায় গতি। এরপর শেষ মুহূর্তের সেই নাটক।
ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে জটলার মধ্যে গোলমুখে বল পেয়ে জালে ঠেলে দেন কান আয়হান। স্তব্ধ হয়ে যায় সোফিয়া স্টেডিয়ামের গ্যালারি। উল্লাসে ফেটে পড়ে তুরস্ক শিবির। গোলের সঙ্গে বাজে ম্যাচের শেষ বাঁশিও।
শেষ বত্রিশে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
একই সময়ে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের মধ্যকার ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই দুই দলের পয়েন্ট সমান ৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
ভালো সম্ভাবনা আছে প্যারাগুয়েরও। সেরা আট দলের একটি হিসেবে শেষ ৩২-এর টিকেট পেতে পারে তারা।