প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম (ভিজিট : ২৯)

X
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে নির্দেশনা দিচ্ছেন কোর্টনি ওয়ালশ (বাঁয়ে)।
বাংলাদেশ সিরিজের মাঝপথে কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশেরই সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে আফ্রিকার দলটি।
গত ২৩ জুন বোর্ড সভায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও পেসার ওয়ালশকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। বুধবার চূড়ান্ত করা হয় নিয়োগ।
চলতি বছর ভারত ও শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক ছিলেন ওয়ালশ। এবার তিনি স্থায়ী হলেন। ওই আসরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের গ্রুপ সেরা হয় জিম্বাবুয়ে। সুপার এইটে খেলায় সরাসরি জায়গা করে নেয় ২০২৮ আসরে।
জাস্টিন স্যামন্সই থাকছেন তাদের প্রধান কোচ। সহকারী কোচ (ব্যাটিং) হিসেবে কাজ চালিয়ে যাবেন ডিওন ইব্রাহিম। লোয়ার অর্ডার ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ হিসেবে আগের মতোই থাকছেন স্টুয়ার্ট মাৎসিকেনিয়ারি।
অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন এল্টন চিগুম্বুরা।
বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে তিন সংস্করণেই খেলবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে স্বাগতিকরা জিতেছে ইনিংস ও ৮৫ রানে। যা এই সংস্করণে তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয়।
বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি২০ও খেলবে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ শুরু আগামী সোমবার। পরের দুটি ৯ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই হবে হারারেতে।
আর বুলাওয়ায়োতে টি২০ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।