প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:২৯ পিএম (ভিজিট : ৩২)

X
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে জার্মানির শুরুর একাদশের খেলোয়াড়রা।
আরও একটি বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নেওয়া জার্মানি দলের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক মিডফিল্ডার টনি ক্রুস। ২০১৪ বিশ্বকাপ জয়ী এই তারকার মতে, বিশ্ব মঞ্চে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যে উঁচু মানের খেলোয়াড়দের প্রয়োজন, বর্তমান দলে তার অভাব রয়েছে।
গত দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল জার্মানি। ২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম নকআউট পর্বে ওঠে তারা। কিন্তু প্রথম ধাপেই শেষ হয়ে যায় তাদের পথচলা। শেষ বত্রিশে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ৪-৩ গোলে হারে ইউলিয়ান নাগেলসমানের দল। পেনাল্টি মিস করেন তাদের তিন জন।
তারপর থেকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির তীব্র সমালোচনা করছেন তাদের সাবেক ফুটবলাররা। নিজের টিকটক শোতে ৩৬ বছর বয়সী ক্রুস বলেন, বর্তমান দলে সেই মানের খেলোয়াড় নেই, যা একসময় বিশ্বে তাদেরকে ভয়ঙ্কর পরাশক্তিতে পরিণত করেছিল।
বর্তমানে আমাদের একজনও বিশ্বমানের খেলোয়াড় নেই। বিশ্বমানের হওয়ার সম্ভাবনা আছে এমন খেলোয়াড় আমাদের আছে, কিন্তু তার মানে এই নয় যে তারা বিশ্বমানের। বিশ্বমানের খেলোয়াড়রাই এখন বিশ্বকাপের সব ম্যাচের ভাগ্য নির্ধারণ করছে। আর গোলদাতাদের তালিকায় তারাই থাকে, সেখানে বিশ্বমানের খেলোয়াড়রা থাকে। আমাদের সেখানে একজনও নেই, এ ব্যাপারে আমাদের সৎ হতে হবে।”
ক্রুসের সঙ্গে সুর মিলিয়েছেন জার্মানির সাবেক অধিনায়ক মাইকেল বালাকও। এই দলের খেলোয়াড়দের মানসিক দৃঢ়তার অভাব দেখছেন ৪৯ বছর বয়সি সাবেক এই মিডফিল্ডার,‘ আমাদের সেইসব গুণ, যা জার্মানিকে সবসময় স্বতন্ত্র করেছে, তা কিছুটা হারিয়ে গেছে। আমরা ভালো শুরু করি, ১০-২০ মিনিট ভালো খেলি, হয়তো একটা গোলও করে ফেলি। কিন্তু প্রথম যে মুহূর্তে আমরা গোল হজম করি বা কোনো ভুল করি, এরপর সবকিছু ভেঙে পড়ে।’