প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:৪৫ পিএম (ভিজিট : ২২)

X
স্পেনের তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল।
বিশ্বকাপে নিষ্প্রভ শুরুর পর ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে স্পেন। নকআউট পর্বের শুরুতে অস্ট্রিয়াকে উড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই জয়ে বড় ভূমিকা রাখা লামিন ইয়ামাল বলেছেন, যেকোনো দলের জন্য প্রস্তুত তারা। শেষ বত্রিশে বৃহস্পতিবার অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারায় স্পেন। জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, একটি পেদ্রো পররো।
প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখে, গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। অস্ট্রিয়ার পাঁচ প্রচেষ্টার একটিও ছিল না লক্ষ্যে। প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত টানা আক্রমণ করে যায় স্পেন। নকআউট পর্বে সতীর্থদের এভাবেই খেলে যাওয়ার তাগিদ দিলেন ইয়ামাল।
“এখন হারলে বিদায় নেবেন। এখন সময় বিশ্রাম নেওয়ার ও পরের ম্যাচ নিয়ে ভাবার। আমাদের এগিয়ে যেতে হবে, উন্নতি করে যেতে হবে। আমরা কোনো দলকে ভয় পাই না।” আগামী সোমবার ডালাসে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। নিজেদের ম্যাচ শেষে প্রতিপক্ষের নাম জানতেন না ইয়ামাল। বলেছিলেন, কোনো দলের বিপক্ষে খেলতে আপত্তি নেই তাদের, তারা যেতে চান শেষ পর্যন্ত।
“যদি পর্তুগালের বিপক্ষে ম্যাচ হয় তো, ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে খেলা হবে সম্মানের। “বিশ্বকাপ জেতা হবে সবচেয়ে বড় অর্জন। বিশ্বকাপের চেয়ে ভালো কিছু নেই। ছোট থাকতে সবাই বিশ্বকাপের স্বপ্ন দেখে। আমাদের লক্ষ্য এগিয়ে যাওয়া এবং নিজেদের স্বপ্ন পূরণ করা, আর সেটা হলো বিশ্বকাপ জেতা।”