শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নরওয়ে। সেইসাথে ১৯৯০ সালের পর কোনো বিশ্বকাপে এত আগে বিদায় নিলো সেলেসাওরা।
হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকা ম্যাচের ৭৯ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের বাঁ প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড।
এরপর নির্ধারিত ৯০ মিনিটের শেষ মুহূর্তে জোরালো নিচু শটে বল জালের কোণে পাঠিয়ে জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন তিনি। শেষ দিকে নেইমার পেনাল্টি থেকে একটি গোল শোধ করে ব্যবধান কমালেও, তা ব্রাজিলের বিদায়কে ঠেকাতে পারেনি।
রাউন্ড অফ সিক্সটিনে ব্রাজিলের স্বপ্নভঙ্গ
অথচ ১৯৯৪ থেকে ২০২২— টানা আটটি বিশ্বকাপেই কোয়ার্টার ফাইনালে খেলেছিল ব্রাজিল। এই সময়ের মধ্যে একমাত্র দল হিসেবে প্রতিবারই শেষ আটে জায়গা করে নিয়েছিল সেলেসাওরা। তবে আজ মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে হেরে ভেঙে গেলো সেই রেকর্ডও।
সর্বশেষ ১৯৯০ সালে শেষ ষোলোতে বিদায় নেওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের। শেষ ষোলোর আগের দুইবারই ১৯৩৮ ও ১৯৯৮ সালে বিদায় নিয়েছিল নরওয়ে।
এবার সেই বাধা পেরিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। শেষ চারে ওঠার লড়াইয়ে মেক্সিকো অথবা ইংল্যান্ড হবে তাদের প্রতিপক্ষ।