প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৩৮ পিএম (ভিজিট : ২৯)

X
সংগৃহীত ছবি
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা চালিয়ে ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছে সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ সময় আরও ৫ পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে তারা।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জিয়ারাত শহরের পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি) আবদুল কুদুস জানান, সোমবার সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে অতর্কিত হামলা চালায় বিএলএ যোদ্ধারা। সে সময় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে ৯ জন পুলিশ নিহত হন এবং ৫ জন পুলিশ সদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায়।
এদিকে মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে মহসিন নাকভি বলেন, সরকার দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের হামলা সরকারকে সেই প্রতিশ্রুতি থেকে টলাতে পারবে না।
আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সম্প্রতি সশস্ত্র কর্মকাণ্ডের উল্লম্ফন দেখা যাচ্ছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি এবং বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মির সঙ্গে প্রায়ই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘাত হচ্ছে।
এর আগে গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ১৪ জন সদস্য নিহত হয়েছিলেন। তারপর গত ২৫ জুন বেলুচিস্তানের খারান এবং মাসটাং জেলায় সেনা ও পুলিশের বিশেষ অভিযানে বিএলএর ৮ জন যোদ্ধা নিহত হন।